প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও বেলারুশে আট দিনের সরকারি সফরে গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। বিমানটি স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মেদ মিজারুল কায়েস। হিথ্রো থেকে মোটর শোভাযাত্রাসহ প্রধানমন্ত্রী হোটেল ‘লন্ডন হিলটন’ এ যান। যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি এই হোটেলে থাকবেন।
প্রধানমন্ত্রী তাঁর সফরের প্রথম পর্বে ৪ থেকে ৮ জুলাই যুক্তরাজ্য এবং ৮ থেকে ১০ জুলাই বেলারুশ সফর করবেন। প্রধানমন্ত্রী গতকাল লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে বৈঠক করেন। আজ শুক্রবার লন্ডনে বাংলাদেশ কমিউনিটির সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে বেলারুশের টেলিভিশনকে প্রধানমন্ত্রীর সাক্ষাত্কার দেয়ার কথা রয়েছে। এরপর রবিবার সরকারি কোন কর্মসূচি নেই প্রধানমন্ত্রীর। এই সময়ে বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। আগামী ৮ জুলাই তিনি যুক্তরাজ্যের ব্যারন ও পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক প্রাতঃরাশে যোগ দেবেন। ওই দিন তিনি বেলারুশের রাজধানী মিনস্ক-এর উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন।
