ভিভিআইপিদের নিরাপত্তার নামে বাড়াবাড়ি না করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভিভিআইপিদের নিরাপত্তার জন্য গঠিত ‘স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়ন-এসপিবিএন’ উদ্বোধনকালে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘এটা গণতান্ত্রিক দেশ, যারা ভিভিআইপি তারা জনগণের প্রতিনিধি। নিরাপত্তার নামে তাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ পুলিশের অনেক সুনাম ও মর্যাদা রয়েছে, তা বজায় রাখতে হবে। দেশের অতন্দ্র প্রহরী হিসেবে তাদের কাজ করতে হবে।
এপিবিএন-এর অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ এ মোস্তাক আহমেদ, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার প্রমুখ বক্তব্য রাখেন।
১৪শ’ সদস্য নিয়ে সিকিউরিটি প্রটেকশন ব্যাটালিয়নের যাত্রা শুরু হলো। প্রথম পর্যায়ে সিকিউরিটি প্রটেকশন ব্যাটালিয়ন-১ ও ২ এই দুই নামে দুইটি পৃথক ইউনিট গঠন করা হয়েছে। উত্তরা এপিবিএন কার্যালয়ে এই দুই ইউনিটের অফিস।
