নরসিংদী বাজার বণিক সমিতির নির্বাচন হয়নি

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২২:১৬
গতকাল বৃহস্পতিবার নরসিংদী বাজার বণিক সমিতির নির্বাচন অস্থায়ী নিষেধজ্ঞার কারণে অনুষ্ঠিত হয়নি। আদালতের পরবর্তী নির্দেশের পূর্বে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে। নরসিংদী বাজারের ব্যবসায়ী রিপন সরকারের দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে গত বুধবার নরসিংদীর সিনিয়র সহকারী জজ আদালত এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন। জানা গেছে, কমবেশী ১২২ বছর পর গত ১৯ জুন নরসিংদী বাজার বণিক সমিতি সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক এবিএম আমির হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বণিক সমিতির তফসিল ঘোষণা করেন। কিন্তু বাজারের কিছুসংখ্যক ব্যবসায়ী প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই মর্মে অভিযোগ দায়ের করে যে, তারা বাজারের ব্যবসায়ী হওয়া সত্ত্বেও উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন ঘোষিত ভোটার তালিকা থেকে দেড় হাজার ভোটারকে বাদ পড়েছে। অভিযোগ অনুযায়ী নির্বাচন কমিশন ও বণিক সমিতির কর্মকর্তাগণ তাদের আবেদনে কোন প্রকার কার্যকরি ব্যবস্থা গ্রহণ করেনি। যার ফলে তারা ঘটনাটি লিখিতভাবে নরসিংদী পৌর মেয়রকে অবহিত করেন। পৌর মেয়র মোঃ কামরুজ্জামান কামরুল এ ব্যাপারে একটি পত্র প্রধান নির্বাচন কমিশনারের নিকট প্রেরণ করেন। এই পত্রের পরিপেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার লিখিতভাবে পৌর মেয়রকে কমিশনের সঠিক অবস্থান সম্পর্কে অবহিত করেন। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে ব্যবসায়ীগণ ক্ষুব্ধ হয়ে গত সোমবার নরসিংদীর সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করে। এরই পরিপ্রেক্ষিতে আদালত এর নির্দিষ্ট প্রক্রিয়ায় উভয় পক্ষের শুনানি শেষে গত বুধবার এই নির্বাচন অনুষ্ঠানের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।