ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর ভাঙ্গন রোধে বেসরকারিভাবে ফেলা হচ্ছে ১০ হাজার বালুর বস্তা। চলতি বর্ষা মৌসুমে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ব্যাপক হারে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে অত্র উপজেলার কয়েক হাজার পরিবার। চরভদ্রাসন ইউনিয়নের উত্তর-পশ্চিম দিকের এমপি ডাঙ্গী, ফাজেলখার ডাঙ্গী, হাজী ডাঙ্গী, মাথা ভাঙ্গা ও গোপালপুর ঘাট এলাকায় ব্যাপক নদী ভাঙ্গন দেখা দেয়ায় জনমনে আতংক দেখা দিয়েছে।
রাতের ঘুম হারাম হয়ে গেছে পদ্মার পাড়ে বাস করা লোকেদের। বুধবার এমপি ডাঙ্গী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিল আফরোজা বেগম ও পাউবোর ভবদিশ হাওলাদারের উপস্থিতিতে ১ হাজার ৫শ’ ব্যাগ বালুর বস্তা ফেলা হয়। থানা আওয়ামী লীগ সেক্রেটারী হাফেজ মোঃ কাউছার জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ ও তার নিজ উদ্যোগে ৩/৪ দিনের মধ্যে আগে ১০ হাজার ব্যাগ বালুর বস্তা ফেলা হবে। এ ব্যাপারে পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন বলেন ফান্ড না থাকায় নতুন করে বিল পাস হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
