সাতক্ষীরায় স্বামীর হাতে স্ত্রীর প্রেমিক নিহত

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২২:১৭
সাতক্ষীরায় মহিলা ইউপি সদস্যের পরকীয়ার জের ধরে এক ব্যক্তি খুন হয়েছে। বুধবার বিকেলে শহরের উত্তর কাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম জাহাঙ্গীর হোসেন। সে সদর উপজেলার কামারবায়সা গ্রামের আদম সরদারের ছেলে। এ ঘটনায় পুলিশ মহিলা সদস্য ও তার স্বামীকে আটক করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সদর উপজেলার বাশদহা ইউনিয়নের মহিলা সদস্য আকলিমা খাতুন সাথীর সাথে জাহাঙ্গীর হোসেনের দীর্ঘদিন ধরে পরকীয়া চলে আসছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার শালিশ বিচারও হয়। স্বামী-স্ত্রীর মধ্যে কয়েকবার বাক-বিতণ্ডাও হয়। এক পর্যায়ে বুধবার দুপুরে জাহাঙ্গীর সাথীকে নিয়ে উত্তর কাঠিয়া বউবাজার এলাকায় ভাড়া বাসায় আসে। এর কিছু সময় পর সাথীর স্বামী আব্দুর রহমান সেখানে উপস্থিত হয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। এসময় জাহাঙ্গীর জানালা ভেঙ্গে বের হওয়ার চেষ্টা করলে আব্দুর রহমান ইট ছুঁড়ে মারে। ইট জাহাঙ্গীরের মাথায় লাগে। ওই অবস্থায় পালিয়ে সদর হাসপাতালে ভর্তি হলে বিকেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউপি সদস্য সাথী ও তার স্বামী আব্দুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় জাহাঙ্গীরের ভাই বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।