নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জাবেদ আলী বলেন, চারটি সিটি করপোরেশনের নির্বাচনের মতো সকল নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে কারচুপি করার কোন সুযোগ নেই। ব্যালট বাক্স ছিনতাই, ভোট কেন্দ্র দখলের দিন শেষ। সন্ত্রাসীরা যত বড়ই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে আড়াইহাজার ও গোপালদী পৌরসভার মেয়র প্রার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ, পুলিশ সুপার সৈয়দ নরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তারিফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া খান, সহকারী পুলিশ সুপার জীবন কান্তি সরকার, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জালাল উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। মেয়র প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন পারভিন আক্তার, সুন্দর আলী, রফিকুল ইসলাম, হালিম শিকদার প্রমুখ। নির্বাচন কমিশনার আরও বলেন, অতীতের নির্বাচনগুলো প্রমাণ করেছে নির্বাচন কমিশন স্বাধীন। এ সময় তিনি মেয়র প্রার্থী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মেয়র প্রার্থীদের প্রশ্নের জবাবে তিনি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দেন। পরে তিনি নবনির্মিত উপজেলার সার্ভার কেন্দ্রের উদ্বোধন করেন। প্রসঙ্গত শনিবার আড়াইহাজার ও গোপালদী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
