সোনাইমুড়ী পৌর নির্বাচন কাল

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২২:১৯
মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘ ৯ বছর পর আগামীকাল শনিবার নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌরসভার মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের নুরুল হক (চশমা), মাহফুজুর রহমান বাহার ভিপি (তালা), বিএনপির বর্তমান মেয়র মোতাহের হোসেন মানিক (দোয়াত কলম), আবু তাহের ভূইঞা (মাইক), হেলাল উদ্দিন টুটুল (আনারস), মনির হোসেন (কাপ-পিরিচ) এবং হালিমা আক্তার (টেবিল)। এখানে দলীয়ভাবে আওয়ামী লীগ নুরুল হককে এবং বিএনপির মোতাহের মানিককে সমর্থন দিয়েছে। মূল দুই প্রার্থীর মধ্যে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে ভোটার সংখ্যা ১৯ হাজার ৮১২ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৯৯৮ জন এবং মহিলা ৯ হাজার ৮১৪ জন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের প্রত্যেক ওয়ার্ডে ১টি ভ্রাম্যমাণ আদালত থাকবে।