নওগাঁর রাণীনগরে আবারো এক সংখ্যালঘু পরিবারের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল বাড়ির প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে গৃহকর্তার হাত বেঁধে মারপিট করে নগদ টাকা, স্বর্ণলংকারসহ প্রায় সাড়ে ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রাণীনগর উপজেলার আতাইকুলার পালপাড়া গ্রামে। গৃহকর্তা রণজিত্ সাহ ও তার ছোট ভাই দীলিপ সাহ জানান, বুধবার রাত দেড়টার সময় ৭/৮জনের মুখোশধারী ডাকাত দল বাড়ির দক্ষিণ পার্শ্বে একটি কাঁঠাল গাছ বেয়ে বাড়ির প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা দীলিপ পালের ছেলে রকির ঘরের দরজার ছিটকিনি খুলে তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাড়ির অন্য সদস্যদের ঘুম থেকে ডেকে তুলে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত বেঁধে মারপিট করে নগদ ৩২ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালংকার ও ৬টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রাণীনগর থানার এএসআই আনোয়ারুল ইসলাম ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে থানার এএসআই আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার সত্যতা স্বীকার করেন।
