গুলশানে নিজ বাসায় স্কুল ছাত্র খুন

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২৩:১৬
রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে নিজেদের বাসায় তিলক অগাস্টিন পালমা (১৫) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তিলকের মা বাসার দরজা খুলে দেখতে পান তার ছেলে বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে। তিলককে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। তিলক কালাচাঁদপুর হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল। নিহতের ফুফা বিকাশ গোমেজ জানান, কালাচাঁদপুর পশ্চিমপাড়ার ক-১০০ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতো তিলক। তার বাবা কমল প্যাট্রিক পালমা ব্রিটিশ হাই কমিশনের ওয়্যার হাউজে স্টোর কিপার। মা নির্মলা পালমা একটি স্কুলের শিক্ষক। গতকাল সকালে তারা নিজ নিজ কর্মক্ষেত্রে যান। তিলকের উচ্চ মাধ্যমিক পড়ুয়া বড় ভাই স্টারলিন কোচিং সেন্টারে চলে যান। বাসায় একা ছিল তিলক। বেলা সাড়ে ১১টার দিকে নির্মলা পালমা বাসায় ফিরে দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। তিলককে ডেকে সাড়া না পেয়ে তিনি সঙ্গে থাকা চাবি দিয়ে তালা (অটো ডোর লক) খুলে ভেতরে ঢোকেন। এ সময় তিনি তিলককে খাটের ওপর নিথর পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে লক্ষ্য করেন, তার ছেলের গলায় কালো দাগ ও এক হাতে ক্ষত। পরে পাশের বাসার লোকজন তিলককে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। চিকিত্সাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, হত্যাকাণ্ডটি রহস্যজনক মনে হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে একটি বেল্ট পাওয়া গেছে। ওই বেল্ট দিয়ে তিলককে শ্বাসরোধ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।