সংহতি জানাতে রবিবার ইউনূস সেন্টারে যাচ্ছেন

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২৩:১৭
দেশের একমাত্র নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সংহতি জানাতে আগামী রবিবার বেলা ১১টায় রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনে স্থাপিত ইউনূস সেন্টারে যাচ্ছেন বিকল্পধারা প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। তার সঙ্গে বিকল্পধারা মহাসচিব মেজর আবদুল মান্নান (অব.) ও যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরীও যাবেন। পরে অধ্যাপক বি. চৌধুরী ও ড. ইউনূস যৌথ সংবাদ সম্মেলন করবেন। বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাকে প্রকাশিত এই সম্পর্কিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউনূস সেন্টারের দুই প্রতিনিধি গত সোমবার রাতে বি. চৌধুরীর সঙ্গে তার বারিধারার বাড়িতে সাক্ষাত্ করেন। সেখানেই রবিবারের কর্মসূচি চূড়ান্ত হয়। তবে এ ব্যাপারে আরও বিস্তারিত খোঁজ নিয়ে জানা গেছে, অধ্যাপক বি. চৌধুরী নিজ উপলব্ধি থেকেই ইউনূস সেন্টারে যাবেন। ইউনূস সেন্টারের দুই প্রতিনিধির বৈঠকের মাধ্যমে এই কর্মসূচি নির্ধারণ হওয়ার তথ্য সঠিক নয়।