জেলার মুকসুদপুরে মেহেদী হাসান মুসা (২২) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ উপজেলার সুরূপী গ্রামের আনসার মোল্লার পাট ক্ষেত থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে। নিহত মেহেদী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার যদুনন্দী নবকাম বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। সে বোয়ালমারী উপজেলার রূপাপাত গ্রামের চান্দু মিয়া শেখ মাস্টারের ছেলে।
মুকসুদপুর থানার এস আই গোলাম মোস্তফা জানান, মোটর সাইকেলসহ মেহেদী গত মঙ্গলবার বিকালে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। স্থানীয়রা গতকাল পাট ক্ষেতে তার লাশ দেখে পুলিশকে খবর দেয়। তার শরীরে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। হাত গামছা দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।
