রাজশাহীর বহুল আলোচিত প্রতারণাকারী প্রতিষ্ঠান ‘ডিজিটাল বিজনেস প্লাস লি.-এর এমডি আহসানুল আজিম রাজিবকে নগরীর মহিষবাথান এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সে প্রায় দুই হাজার গ্রাহকের থেকে প্রতারণার মাধ্যমে ৪৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। প্রতারক রাজিবকে গ্রেফতারের খবরে ডিজিটালের খপ্পরে পড়ে সর্বস্ব হারানো গ্রাহকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ভুক্তভোগীরা জানান, প্রায় দুই হাজার গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে ৪৪ কোটি টাকা আত্মসাতের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে নগরীর রাজপাড়া ও বোলিয়া মডেল থানায় তিনটি মামলা রয়েছে। একটি মামলায় রাজিবের পিতা ডিজিটালের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এহসনাকে গ্রেফতার করা হয়েছে। পিতা গ্রেফতারে পর পুত্র গা ঢাকা দেয়। ইতিমধ্যে রাজিবের স্ত্রী জিনাত ফাতেমা তার স্বামীকে অপহরণের অভিযোগে গ্রাহক শরীফসহ ৭/৮ জনের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা করেন।
