শ্রমজীবী শিশুদের আঁকা ছবি নিয়ে প্রদর্শনী

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২৩:১৯
গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে শ্রমজীবী শিশুদের আঁকা ছবি নিয়ে শুরু হয়েছে প্রদর্শনী। তিনদিনব্যাপী এই প্রদশর্নীর উদ্বোধন করেন সাঈদা কামাল। এ সময় বিশ্বকবি রবীন্দ নাথ ঠাকুরের ‘আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা’ গানটি বাজতে থাকে। সৃজনশীল প্রতিভার অধিকারি এমন ৮৪ জন শিশুর ১০০ টি ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে। শিশু বয়সেই নিজের কিংবা পরিজনদের পেটের ক্ষুধা মেটাতে পথে কিংবা অন্যের বাড়িতে কাজে যেতে হয়েছে ওদের। জীবনের কঠিন বাস্তবতায় ওদের সৃজনশীল প্রতিভা বেশির ভাগ ক্ষেত্রে বিকশিত হয় না। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সেই সুপ্ত প্রতিভা বিকাশের দায়িত্ব নিয়েছে আইন ও সালিশ কেন্দ । ‘হারিয়ে যাওয়া খেলা কানামাছি। ঘুড়ি উড়ানো, গ্রামের মেঠো পথ, প্রজাপতির মধু সংগ্রহ, রাখাল বালকের গরু চড়ানো, ধান কাটা আর নবান্নের উত্সব থেকে শুরু করে ইট ভাঙ্গনরত শিশুর ছবি, শিশু গৃহকর্মীকে নির্যাতন আর রানা প্ল¬াজা ধস এবং ভবনে আটকে পড়া স্বজনদের ছবি হাতে দাঁড়িয়ে থাকা মানুষের ছবি রং তুলির আঁচড়ে তুলে ধরেছে শিশুরা’। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশু অধিকার ইউনিটের সিনিয়র উপ-পরিচালক গীতা চক্রবর্তী। তিনি এই সকল প্রতিভাবান শিশুর পাশে হূদয়বান ও বিত্তবানদের সহযোগিতার আহবান জানান। তিনি বলেন, কয়েক বছর ধরেই প্রদশর্নীর আয়োজন করছি। এই প্রদর্শনীর ছবির বিক্রির টাকা শিশুদের লেখাপড়ার কাজে ব্যয় হবে। ‘আমাদের রঙ্গীন স্বপ্নগুলো’ শিরোনামের এই প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস-এর পরিচালক সুবীর চৌধুরী, আইন ও সালিশ কেন্দে র সেক্রেটারি জেনারেল জেড আই খান পান্না প্রমুখ।