ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ সমাবেশ

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২৩:২০
২০০৮ সালের এস আর ও সংশোধন, পদোন্নতি কোটা ৫০ ভাগ উন্নীত করণ, টাইমবার পদোন্নতি প্রথার প্রবর্তনসহ ১২ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ। রাজধানীর তেজগাঁও সাতরাস্তার মোড়ে গতকাল বৃহস্পতিবার পরিষদের নেতাকর্মীরা এক সমাবেশে এই দাবি জানায়। সমাবেশে নেতৃবৃন্দ উচ্চতর ডিগ্রিধারী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগের ক্ষেত্রে সরাসরি ১০ ভাগ চাকরির কোটা রাখার দাবি জানান। এছাড়া তারা বেকার ডিপ্লোমা প্রকৌশলীদের সহজ শর্তে ঋণ প্রদান, শূন্য পদে নিয়োগ, বেতন ভাতা বৃদ্ধি ও তাদের ন্যূনতম বেতন ৮ হাজার টাকা করার কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের আহবায়ক ফজলুল হক মল্লিক, সদস্য সচিব খন্দকার মাইনুর রহমান প্রমুখ। রংপুর প্রতিনিধি জানান, নগরে গতকাল ২ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সরকার গঠিত ২টি আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। চট্টগ্রাম অফিস জানায়, আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশসহ ২ দফা দাবি আদায়ে গতকাল চট্টগ্রামে সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে তাদের দাবি না মানা হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেয়। সমাবেশে বক্তব্য রাখেন জাফর আহমদ সাদেক, হোসেন আহমেদ, আবু তাহের প্রমুখ।