জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। একদিকে চলছে রাজনৈতিক দমনপীড়ন, নির্যাতন, অন্যদিকে অপরাধ বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের আগে মহাজোট ওয়াদা করেছিল যে, তারা ক্ষমতায় আসতে পারলে অগ্রাধিকারের ভিত্তিতে আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতি করবে। কিন্তু নির্মম সত্য হলো তারা ক্ষমতায় আসার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দূরে থাক অতীতের যে কোন সময়ের চেয়ে অবনতি ঘটেছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যেমন ব্যর্থ হয়েছে তেমনি সামগ্রিকভাবে দেশ পরিচালনায়ও ব্যর্থ হয়েছে। জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে আবারো ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগ বেপরোয়া হয়ে উঠেছে। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল ও আটক সকল নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।-প্রেস বিজ্ঞপ্তি
