সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের কনস্টেবলসহ নিহত ছয়,আহত দুই

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২৩:২৬
সড়ক দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার সাভার, নরসিংদী ও লক্ষ্মীপুরের রামগঞ্জে এক কনস্টেবলসহ ছয়জন নিহত ও দুইজন আহত হয়েছেন। সাভার থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানিয়েছেন, দুপুর ১২টার দিকে সাভারের নবীনগর বাসস্ট্যান্ডে নওগাঁগামী রকি পরিবহনের বাস একটি রিকশাকে চাপা দিলে রিকশাচালক নিহত হয়। এরপর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাস্তায় থাকা হাইওয়ে পুলিশের কনস্টেবল সোহরাব হোসেন (৫০) বাসের নিচে চাপা পড়েন। দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। আমাদের নরসিংদী প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিঘড় নামকস্থানে ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে ড্রাইভারসহ প্রাইভেটকারের তিনজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন আরো দুইজন। নিহতদের মধ্যে শরিফ চৌধুরী (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামে। অন্য হতাহতের নাম ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার পর নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে এবং আহতদেরকে নরসিংদী জেলা হাসপাতলে পাঠানো হয়। এদিকে রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানিয়েছেন, উপজেলার চার নম্বর ইছাপুর ইউনিয়ন যুব সংহতির (জাতীয় পার্টি) সভাপতি মো. টেলু মিয়া (৩৫) পার্শ্ববর্তী সোনাইমুড়ি উপজেলার আমকি বাজার এলাকায় ট্রাক চাপায় নিহত হয়েছেন।