ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে দেশের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বৃহস্পতিবার এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় সংশ্লিষ্ট ব্যাংকে আশরাফুলের লেনদেন এবং স্থিতি জানতে চাওয়া হয়েছে। এনবিআরের দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকাল ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, আশরাফুলের আস্বাভাবিক লেনদেন খতিয়ে দেখতে এনবিআর এ উদ্যোগ নিয়েছে। এই ধারাবাহিকতায় শিগগিরই আরো কয়েকজন বর্তমান ও সাবেক ক্রিকেটারসহ সন্দেহভাজন বিপিএল ক্রিকেট টিমের ফ্র্যাঞ্চাইজিসহ (মালিক) কর্মকর্তারও ব্যাংক হিসাব তলব করা হবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একাধিক ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে আশরাফুলের বিরুদ্ধে। ইতিমধ্যে তিনি নিজেও এ দায় স্বীকার করে নিয়েছেন। এ নিয়ে দেশ-বিদেশের ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তদন্ত দল (আকসু) ইতিমধ্যে এই ঘটনার তদন্ত করেছে। ধারণা করা হচ্ছে, আগামী আগস্ট নাগাদ এ তদন্তের প্রতিবেদন পাওয়া যাবে।
