বোয়ালমারীতে মাদ্রাসা ছাত্রীকে কুপিয়ে খুন

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২৩:২৯
ফরিদপুরের বোয়ালমারীতে সুমাইয়া (১১) নামের এক মাদ্রাসা ছাত্রীকে নৃংশসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর রাস্তার পাশে পাট ক্ষেতে তার লাশ ফেলে দেয় খুনিরা। এ ঘটনায় সুমাইয়ার পিতা মতিয়ার মোল্লা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গত বুধবার বিকেলে উপজেলার রাজাপুর গ্রামের রথখোলা রোডে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাজাপুর গ্রামের দরিদ্র কৃষকের মেয়ে সুমাইয়া স্থানীয় দাদপুর মহিলা মাদ্রাসায় কারিয়ানা ক্লাসে পড়ত। ঘটনার দিন সুমাইয়ার বাড়ি ফিরতে দেরি হলে তার বাবা চিন্তিত হয়ে মেয়েকে খুঁজতে বের হন। পরে লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়ের ক্ষত-বিক্ষত নিথর দেহ সনাক্ত করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠায়।হত্যাকাণ্ড সম্পর্কে নিহতের পরিবার কোন তথ্য প্রকাশ করেনি। তবে এ ব্যাপারে বোয়ালমারি থানার ওসি জানান, এ হত্যাকাণ্ডের পিছনে কোন সংঘবদ্ধ বখাটেদের হাত থাকতে পারে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।