নতুন ১১টি বীমা কোম্পানির অনুমোদন দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) বোর্ড সভায় এসব কোম্পানিকে নিবন্ধনের জন্য অনুমোদন দিয়েছে। এর মধ্যে ৯টি জীবন বীমা কোম্পানি এবং ২টি সাধারণ বীমা কোম্পানি। নিবন্ধনের জন্য অনুমোদন পাওয়া নয়টি জীবন বীমা কোম্পানির মধ্যে রয়েছে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জেনিট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, তাইও সামিট লাইফ ইন্স্যুরেন্স, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং প্রটেকটিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর মধ্যে তাইও সামিট লাইফ ইন্স্যুরেন্স জাপান ও বাংলাদেশি উদ্যোক্তাদের যৌথ মালিকানায় গঠিত কোম্পানি। সাধারণ বীমা কোম্পানি দুটি হচ্ছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
লাইসেন্স পাওয়ার জন্য ৭১টি জীবন বীমা কোম্পানি এবং ৬টি সাধারণ বীমা কোম্পানি আবেদন করেছিল। এর আগে গত বুধবার আইডিআরএ’র চেয়ারম্যান এম শেফাক আহমেদ নতুন বীমা অনুমোদন সংক্রান্ত বিষয়টি চূড়ান্ত করার জন্য অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি বীমাকারীর নিবন্ধন প্রবিধানমালা-২০১৩ গেজেট আকারে প্রকাশিত হয়। গেজেট প্রকাশের পর গত ২০ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত নতুন বীমা কোম্পানির নিবন্ধনের জন্য আবেদনপত্র দাখিল করতে আইডিআরএর পক্ষ থেকে বিজ্ঞাপন দেয়া হয়। পরবর্তীতে তিন দফা সময় বাড়িয়ে ১৫ মে পর্যন্ত বর্ধিত করা হয়। পরবর্তীতে আবেদনগুলো যাচাই-বাছাই করে গত ১৬ থেকে ২০ জুন পর্যন্ত পর্যায়ক্রমে এসব আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। বর্তমানে দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৬১টি বীমা কোম্পানি কাজ করছে। এর মধ্যে সরকারের জীবন বীমা কর্পোরেশনসহ ১৯টি জীবন বীমা এবং সাধারণ বীমা কর্পোরেশনসহ ৪২টি সাধারণ বীমা কোম্পানি রয়েছে।
