রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত আইনের শিকার হয়ে শাঁখারী বাজারের সব বাড়ীর বাসিন্দারা নিজেদের বাড়িতে পরবাসীর জীবন-যাপন করছেন বলে অভিযোগ তুলেছেন শাঁখারী বাজারবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলে শাঁখারী বাজার ভূমি মালিক স্বার্থরক্ষা পঞ্চায়েত কমিটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব উদ্ধব কুমার নাগ জানান, রাজউক ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি শাঁখারী বাজারসহ ঢাকা মহানগরীর কয়েকটি এলাকায় বাড়ি ভেঙ্গে পুনঃনির্মাণের ওপর বিধি-নিষেধ আইন প্রণয়ন করে। যা পরবর্তীতে বেসরকারি অর্থায়নে গেজেট আকারে প্রকাশ করা হয়।
রাজউকের এই আইনের কারণে শাঁখারী বাজারের বাড়িগুলো পুনঃনির্মাণ এবং সংস্কারের কাজ করা যাচ্ছে না বিধায় এই এলাকায় নারী পুরুষ শিশুসহ ১৫ থেকে ২০ হাজারেরও বেশি বাসিন্দার জীবন-যাপন দুর্বিষহ হয়ে ওঠেছে। শাঁখারী বাজারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে রাজউক প্রণীত আইনটি বাতিলের জন্য ২০১২ সালের ২৩ ডিসেম্বর বাসিন্দাদের স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র প্রধানমন্ত্রী বরাবর পেশ করা হয় এবং এই ব্যাপারে ভূমি মালিক স্বার্থরক্ষা পঞ্চায়েত কমিটির দুই সদস্য মোস্তফা জালাল মহীউদ্দিন ও মিজানুর রহমান খানসহ গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুর মান্নানের সাথেও সাক্ষাত্ করা হয়। কিন্তু তাদের আশ্বাস সত্ত্বেও রাজউক প্রণীত আইনটি বাতিলের কোন পদক্ষেপ আজো নেয়া হয়নি।
উল্লেখ্য, বর্তমানের ঘনবসতিপূণ শাঁখারী বাজারের ১৪২টি বাড়ির অধিকাংশই বহু বছরের পুরানো এবং বাড়িগুলোয় ফাটল ও ভাঙ্গন দেখা দেয়ায় এসব বাড়ি পুনঃনির্মাণ ও সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক অজয় কুমার নন্দী মদন, এলাকাবাসীর পক্ষে ছিল অনুকূল চন্দ সেন, সদানন্দা নাগ, পরিমল সুর, নন্দ দুলাল ব্রম্মচারী, বিরেন কেশ নন্দী, এড.ভোলানাথ দত্ত প্রমুখ।
