বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেছেন, প্রত্যেক নারীই কর্মজীবী ও পেশাজীবী। পারিশ্রমিক অথবা মূল্যায়ন ছাড়া তারা কর্মজীবন শুরু করেন। দৃশ্যমান ও অদৃশ্যভাবে তা চলতে থাকে। তিনি বলেন, গৃহস্থালী ও কৃষিকাজে নারীর পরিশ্রমের মূল্যায়ন করা জরুরি।
গতকাল বৃহস্পতিবার পেশাজীবী নারীদের সঙ্গে মহিলা পরিষদের এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, বাংলাদেশের নারীরা নতুন নতুন পেশায় নিয়োজিত হচ্ছেন। এর ফলে দেশের আর্থ-সামাজিক অগ্রগতি হচ্ছে। কিন্তু ধর্মের কথা বলে নারীদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে তিনি নারীদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান। সংগঠন সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ বাংলাদেশের রাজনৈতিক, আর্থ-সামাজিক বিকাশে ও নারী নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ মহিলা পরিষদের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন সম্প্রতি বাংলাদেশে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী নারীকে পুনরায় গৃহবন্দি করে তাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কম্পিউটার ইঞ্জিনিয়ার নাহিদা, হেনা চৌধুরী, ব্যাংকার জুয়েল বেগম, নাসরিন চৌধুরী। মতবিনিময় সভা সঞ্চালন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য সারাবান তহুরা।
