ফরিদগঞ্জের দক্ষিণ ও পশ্চিমাঞ্চল এবং হাইমচর উপজেলার বেশ কিছু এলাকায় এবার পানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষা মৌসুমে প্রয়োজনমতো বৃষ্টি না হওয়া এবং স্থানীয় কৃষি বিভাগের অসহযোগিতার কারণে ভালো ফলন না হওয়ার আশংকা করছেন পানচাষিরা।
জানা গেছে, প্রাকৃতিক নানা দুর্যোগ, সারের অভাব ও কৃষি বিভাগের অসহযোগিতায় পান চাষ অর্ধেকে নেমে এসেছে। কিছুদিন আগেও চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার মধ্যে ঐসব এলাকা পান চাষের সুনাম ছিল। আলমগীর হোসেন নামে এক পানচাষি জানান, পান চাষ অর্ধেকে নেমে এসেছে। তারপরও এবার আবহাওয়া অনেকটা পান চাষের উপযোগী হওয়ায় আমরা পান চাষে আগ্রহ পাই। সব কিছু ঠিক থাকলে ফলনও ভালো হবে বলে জানান তিনি । খোরশেদ আলম, মনা ভুঁইয়া, বাবুল ও সেলিম জানান, অল্প জমি ও অল্প পুঁজিতে পান চাষ করে বেশ লাভবান হওয়া যায়। কিন্তু স্থানীয় কৃষি অফিস থেকে আমরা কোন ধরনের পরামর্শ কিংবা সহযোগিতা পাচ্ছি না।
এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু তাহের তদারকি না করার কথা স্বীকার করে বলেন, পানচাষির সংখ্যা কমে গেছে। চাষিরা কৃষি অফিসে কোন প্রকার যোগাযোগ করেন না। এ ব্যাপারে পানচাষিদের সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেন জানান।
