নান্দাইলে প্রধান শিক্ষক প্রত্যাহার দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২১:২৭
নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের তালজাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলমকে ওই বিদ্যালয় থেকে প্রত্যাহারের দাবিতে ক্ষুদে শিক্ষার্থীরা গত মঙ্গলবার থেকে ক্লাস বর্জন ও বিক্ষোভ করছে। । বিদ্যালয়ের ছাত্রীরা অভিযোগে জানায়, প্র্রধান শিক্ষক চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রীদের সাথে অনৈতিক ব্যবহার করেন। ওই শিক্ষক তাদের দিয়ে ব্যক্তিগত কাজ করান। অস্বীকার করলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি সূর্যের দিকে মুখ করিয়ে রাখার মত শাস্তি দেন। বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা মাঠে হৈহল্লা করে ঘুরে বেড়াচ্ছে। শ্রেণিকক্ষে না যাওয়ার কারণ জানতে চাইলে তারা জানায়, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম প্রধান শিক্ষকের অনৈতিক কাজে বাধা দেয়ায় তাকে বিদ্যালয় থেকে অতিসম্প্রতি বদলি করে দেয়া হয়েছে। তারা জানায়, আমরা সাইফুল ইসলাম স্যারকে আবার বিদ্যালয়ে দেখতে চাই। শিক্ষার্থীদের আরও অভিযোগ প্রধান শিক্ষক ছাত্রীদের দিয়ে মাথার চুল টানান ও গা ম্যাসেজ করান। মোঃ আজিমউদ্দিন (৫৫) নামে এক অভিভাবক বলেন,‘আমরা পোলাপানরে ইস্কুলে পাডাই লেহা পড়া করণের লাইগ্যা কারও শইল টিপ্পা দেওনের লাইগ্যা না। শাহজাহান মিয়া (৩৮) নামে এক অভিভাবক বলেন, বাচ্চাদের দিয়ে সিগারেট আনিয়ে প্রধান শিক্ষক স্কুলে বসে ধূমপান করেন। এ থেকে বাচ্চারা কি শিখবে? স্কুল পরিচালনা কমিটির (এসএমসি) সদস্য সালেহা বেগম জানান, এসব কর্মকাণ্ডের জন্যে প্রধান শিক্ষককে ইতিপূর্বে কয়েকবার সতর্ক করা হয়। কিন্তু শিক্ষার্থীদের অভিযোগে বুঝা যাচ্ছে তিনি শোধরাননি। প্রধান শিক্ষক সাইফুল আলম এসব অভিযোগের সত্যতা অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের সভাপতি নির্বাচন নিয়ে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক বলেন, ঘটনাটি তদন্ত করার জন্য ওই বিদ্যালয়ে একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেয়ে সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।