বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের অতিরিক্ত জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বিকাল ৪টায় শহরের সড়ক বাজার মটর স্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাধানগর, চন্দনসার, দেবগ্রাম, নয়াদিল, দরুইন ও মোগড়া এলাকার লোকজন অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন অতিরিক্ত রেলওয়ে ভূমি অধিগ্রহণ প্রতিরোধ কমিটির আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব জহর লাল সাহা, ব্যবসায়ী আল আমিন প্রমুখ। বক্তারা বলেন, রেললাইনের দুই পাশে রেলওয়ে যে অব্যবহূত জায়গা রয়েছে তাতেই ডাবল লাইন নির্মাণ করা সম্ভব। অধিগ্রহণের এ প্রক্রিয়া বাস্তবায়ন হলে কয়েকশ’ আধা-পাকা বাড়ি-ঘর, চাষাবাদের জমি, গাছপালা, দুটি বাজার, দুটি মসজিদ, নয়শ’ বছরের পুরনো মন্দির, বৃটিশ আমলে নির্মিত একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হবে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি দেয়া হয়।
