গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এলজিইডি’র তত্ত্বাবধানে নির্মিত পৌর শহরে আসার পথ মীরগঞ্জ-বামনজল রাস্তাটি দীর্ঘদিন থেকে কার্পেটিং না করায় বেহাল দশায় পরিণত হয়েছে। জানা গেছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পাকা রাস্তা নির্মাণের জন্য ২০০৯-২০১০ অর্থবছরে এলজিইডি দরপত্র আহবান করে। ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তা নির্মাণের কার্যাদেশ পেয়ে কাজ শুরু করলে তা মাঝপথে থমকে দাঁড়ায়। রাস্তাটি পাকাকরণের জন্য যে সকল নির্মাণ সামগ্রী ফেলা হয়েছে দীর্ঘ ৪ বছরেও কার্পেটিং না করায় সেগুলো দিন দিন খোয়া যাচ্ছে। সেই সাথে চলাচলকারী জনসাধারণকেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে কথা হলে তিনি জানান, যে পরিমাণ কাজ করেছি তার অর্থ আমরা উঠিয়ে নিয়েছি। এখন কাজ করলে আমাদের লোকসান হবে। তাই আমরা কাজটি ছেড়ে দিয়েছি। উপজেলা প্রকৌশলী শামছুল আরেফিনের সাথে কথা বললে তিনি জানান, খুব স্বল্প সময়ের মধ্যে কাজটি পুনরায় শুরু করা হবে।
