পুঠিয়ার বিএম কলেজের মেধাবী ছাত্র আঃ মতিনের খুনীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার এবং ফাঁসির দাবিতে কলেজের শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারিগণ গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন পুঠিয়া বিএম কলেজ অধ্যক্ষ আঃ মান্নান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম হীরা বাচ্চু, জিউপাড়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ রোস্তম আলী। পরে একই দাবিতে পুঠিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করা হয়। জানা গেছে, গত ২৮ জুন রাত ৮টায় পুঠিয়া বিএম কলেজের ছাত্র ও জাগির পাড়া গ্রামের নূরুল ইসলামের পুত্র আঃ মতিন (১৯) বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। তাকে খোঁজাখুজি করেও না পেয়ে পরদিন তার পিতা নুরুল ইসলাম পুঠিয়া থানায় জিডি করেন। বুধবার গ্রামের পার্শ্ববর্তী দিয়াড় বিলের একটি পাট ক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় আঃ মতিনের অর্ধগলিত লাশ দেখে স্থানীয় লোকজন পুঠিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পিতা নুরুল ইসলাম ১০ জনকে আসামি করে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ছান্দাবাড়ি গ্রামের আঃ জব্বারের দুই ছেলে আঃ সোবাহান (৫২) ও মোখলেছুর রহমানকে বুধবার রাতে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
