সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২১:৩২
করিমগঞ্জে “জনতার মুখোমুখি’’ অনুষ্ঠান করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ বৃহস্পতিবার বিকালে করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নে আগামী ৮ জুলাই উপনির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কাদিরজঙ্গল ইউনিয়ন শাখা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে “জনতার মুখোমুখি” অনুষ্ঠানের আয়োজন করে। কাদিরজঙ্গল ইউনিয়ন সুজনের সভাপতি ডাঃ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহের সুজনের আঞ্চলিক সমন্বয়কারী বাবু জয়ন্ত কর উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত হয়ে নির্বাচিত হলে আগামীদিনে তাদের পরিকল্পনার কথা বলেন এবং জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মাগুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাগুরা প্রতিনিধি \ মাগুরার মহম্মদপুরে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মহম্মদপুর মডেল প্রাথমিক বিদ্যালয় ও কানুকান্দি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে মহম্মদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ১-০ গোলে বিনোদপুর প্রাথমিক বিদ্যালয় দলকে এবং বঙ্গমাতা গোল্ডকাপে কালুকান্দি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে হাটবাড়িয়া কালিপদ রায় চৌধুরী প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ভাঙ্গুড়া পৌরসভায় দশ কোটি টাকার বাজেট ঘোষণা ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা \ ভাঙ্গুড়া পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরে ৯ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার পৌর মিলনায়তনে সাংবাদিক, সুধীজন, কাউন্সিলর ও নাগরিকদের উপস্থিতিতে মেয়র ইঞ্জিনিয়ার আব্দুর রহমান প্রধান এ বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা। বাজেটে খাতওয়ারী বক্তব্য উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষক মোঃ নাজমূল হুদা। ধামরাইয়ে ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ ধামরাইয়ের স্থানীয় সংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ গতকাল শুক্রবার উপজেলার গুমগ্রামে বংশী নদীর উপর নির্মিতব্য ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই দিনে তিনি উপজেলার কুশরা ইউনিয়নের কার্যকরী কমিটির সভা শেষে এলাকার রেজিস্টার্ড ক্লাবগুলোর মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। থানা আওয়ামী লীগ সভাপতি মেঘনা ব্যাংকের পরিচালক আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন (সাকু)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাঞ্ছারামপুরে সাবেক এমপি সুজনের মৃত্যুবার্ষিকী পালিত বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর উপজেলা সাবেক সংসদ সদস্য শাহজাহান হাওলাদার সুজনের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা রুপসদী সুজন-দুলু কলেজ মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ ইউনুছ বিএসসির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার। নাটোরে মুক্তিযোদ্ধা ভবন নির্মাণ হয়েছে নাটোর প্রতিনিধি \ নাটোরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে এক কোটি ৫০ লাখ ৭২ হাজার টাকা। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে ভবনটি নির্মিত হয়েছে। এর ফলে নাটোর জেলার মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ সরকার জানান, তিনতলা ভবনের প্রথম ও দ্বিতীয়তলা দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও কমিউনিটি সেন্টারের জন্য ভাড়া দেয়া হবে। তৃতীয়তলায় থাকবে মুক্তিযোদ্ধাদের অফিস। মধুখালীতে নবীন বরণ ও সংবর্ধনা মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ বৃহস্পতিবার মধুখালী উপজেলার হাজী আব্দুর রহমান আব্দুল করিম বিশ্ববিদ্যলয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ ও ডিগ্রী পাস পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিকালে কলেজ প্রাঙ্গণে কলেজ গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী জাওয়াদুর করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কাইটাসের পরিচালক শফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মালেকা চক্ষু হাসপাতালের প্রধান সার্জন ডা. মাহবুবুল আল করিম। স্বরূপকাঠিতে অবৈধ কারেন্ট জাল উদ্ধার স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল শুক্রবার উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ছোট-বড় সাইজের ১শ’ পিস অবৈধ কারেন্ট, বাধা ও চরগড়া জাল উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ৮ লক্ষাধিক টাকা। এ সময় উপজেলা মত্স্য কর্মকর্তা মো.সাইয়েদুর মোফাচ্ছালীন, থানা পুলিশের এসআই সজল হোসেনসহ মত্স্য বিভাগের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরুড়া পৌরসভার বাজেট ঘোষণা কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লার বরুড়া পৌরসভার ২০১৩-২০১৪ অর্থবছরের প্রায় ১২ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন মেয়র মো. জসীমউদ্দিন পাটোয়ারী। মতলব কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সভা মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা \ মতলব কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির ৭৫তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকালে মতলব কাঠবাজারস্থ সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির চেয়ারম্যান জেসমিন সুলতানার সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোঃ আবু ইউছুফ মিয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা সমবায় কর্মকর্তা দুলাল চন্দ্র দাস। গৌরীপুরে যৌন হয়রানি প্রতিরোধে ক্যাম্পেইন গৌরীপুর সংবাদদাতা \ ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবে বুধবার বিকালে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ শাখার ফেলো তানজীন চৌধুরী লিলির উদ্যোগে যৌন হয়রানি প্রতিরোধে ক্যাম্পেইন বিষয়ক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি ২০ পৃষ্ঠার সচিত্র প্রতিবেদনের একটি বই প্রেসক্লাবের সভাপতি এড. জসিমউদ্দিন আহম্মেদের কাছে হস্তান্তর করেন। লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সাধারণ সভা লালমনিরহাট প্রতিনিধি \ ৫ জুলাই লালমনিরহাট ডায়াবেটিক সমিতির ২০তম বার্ষিক সাধারণ সভা হাসপাতাল ভবনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি ডাঃ জাকিউল ইসলাম ফারুকী। কোষাধ্যক্ষ সেকেন্দার আলী সরকার সমিতির আয়-ব্যয় উপস্থাপন করেন। সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম কার্যবিবরণী উপস্থাপন করেন। বক্তব্য রাখেন হাসপাতাল ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডাঃ সেলিমা রহমান, সমিতির সহ-সভাপতি এ্যাড. ময়জুল ইসলাম ময়েজ, নির্বাহী সদস্য গোলাম রব্বানী সোহেল, আজীবন সদস্য স্বপ্না জামান প্রমুখ। মৌলভীবাজারে বর্ষা উত্সব ১৪২০ দিবস মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে বর্ষা উত্সব ১৪২০ দিবস পালন উপলক্ষে গতকাল শুক্রবার সকালে মৌলভীবাজারে বড়কাপন সাহিত্য সাংস্কৃতিক যুব পরিষদের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কবি স.লিপক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পৌর কাউন্সিলর মোঃ মাসুদ। বক্তব্য রাখেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,সাহিত্যিক নীহারেন্দ্র সজল,মাস্টার এনামুল হক তালুকদার, শেখ তবারক হোসনে,কৃষ্ণ দাশ,হাফেজ মোঃ মফিজুল ইসলাম প্রমুখ। জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ৭টি গরু পুড়ে গেছে জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী মাঝপাড়া গ্রামে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে ৭টি গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। গৃহকর্তা আপ্তাব আলী জানান, গভীর রাতে তার গোয়ালঘরে আগুনের লেলিহান শিখা দেখে চিত্কার দিলে গ্রামের লোকজন ছুটে আসে। প্রায় ঘন্টাব্যাপী প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে ৭টি গরুসহ গোয়ালঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ গতকাল শুক্রবার অগ্নিকাণ্ড স্থল পরিদর্শন করেছে। দেবীগঞ্জে কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন দেবীগঞ্জ(পঞ্চগড়) সংবাদদাতা \ তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নে দেবীগঞ্জ কলেজের বহুতল একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্মিত অনার্স ভবনের কার্যক্রম বৃহ্স্পতিবার বিকেলে উদ্বোধন করা হয়। সংসদ সদস্য এ্যাডভোকেট নুরল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন। দেবীগঞ্জ কলেজের অধ্যক্ষ মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী। আলমডাঙ্গায় বৃক্ষ রোপণ আলমডাঙ্গা(চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ ‘দেশি ফল বেশি পুষ্টি, অর্থ খাদ্য পা্্্্্্্্্্্ই পুষ্টি’— এই শ্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গায় বৃহস্পিতবার বিকেলে ফলদ বৃক্ষরোপণ পক্ষ ২০১৩-এর উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার (ছেলুন) প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আন্জুমান আরার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারুলা খাতুন রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান প্রমুখ। রাজৈরে হরিজন যুবকের লাশ উদ্ধার টেকেরহাট (মাদারীপুর)সংবাদদাতা \ রাজৈরের গ্রামের জঙ্গল থেকে শুক্রবার সকালে রাজশাহীর সারদা এলাকার হরিজন যুবকের লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। পুলিশ জানায়, রাজশাহীর সারদার হরিজন সমপ্রদায়ের যুবক সুজন লাল বৃহস্পতিবার শ্বশুরবাড়ি বরিশাল থেকে রাজশাহীর সারদায় ফিরছিল। পথিমধ্যে রাজৈর উপজেলার গঙ্গাবরদী গ্রামের একটি মেহগনি জঙ্গলে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া যায় । তালায় বিষপানে যুবতীর আত্মহত্যা তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ তালা সুপ্রিয়া মন্ডল (১৭) নামের এক যুবতী বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার দক্ষিণ নগরঘাটা গ্রামের নিরাপদ মন্ডলের কন্যা। পিতা-মাতার উপর অভিমান করে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে চলে যায় সুপ্রিয়া। গতকাল শুক্রবার ভোরে বাড়ির পার্শ্ববর্তী পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা। সড়ক দুর্ঘটনায় শিশু নিহত তালা উপজেলার পাঁচপাড়ায় সড়ক দুর্ঘটনায় লামিয়া (৫) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে পাঁচপাড়া গ্রামের আল-আমিন খাঁর মেয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ইঞ্জিনচালিত নছিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুক্তিযোদ্ধা আব্দুস সালামের মৃত্যুবার্ষিকী পালন তালাসহ দক্ষিণাঞ্চলের মহান মুক্তিযুদ্ধের একনিষ্ঠ ও অন্যতম সংগঠক, তত্কালীন তালা থানা মুজিব বাহিনীর কমান্ডার,ঐতিহ্যবাহী কপিলমুনি যুদ্ধের অন্যতম রূপকার, জেএসডির কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোড়ল আব্দুস সালামের গতকাল শুক্রবার ছিল দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তালা উপজেলার জলালপুর ইউনিয়নের কানাইদিয়া আম্রকানন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত মরহুমের মাজারে সতীর্থ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও তার পরিবারের সদস্যরা মাজার জিয়ারতসহ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। দৌলতপুর সীমান্তে বিজিবির বৃক্ষ রোপণ অভিযান দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় সপ্তাহব্যাপী সারাদেশের ন্যায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বৃক্ষ রোপণ সপ্তাহ “সবুজ সীমান্ত”-২০১৩ পালিত হয়েছে। এ বৃক্ষরোপণ অভিযানে প্রধান অতিথি ছিলেন ৩২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক লেঃ কর্নেল কাজী আরমান হোসেন। পোরশায় বিদ্যুত্স্পৃষ্টে ছাত্রের মৃত্যু নওগাঁ প্রতিনিধি \ নওগাঁর পোরশায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ফয়সাল আহমেদ (২০) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রের বৃহস্পতিবার রাতে মৃত্যু হয়েছে। ফয়সাল আহমেদ পোরশা ডিগ্রী কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ও উপজেলার নিতপুর মহল্লার মাস্টারপাড়ার মৃত ডাঃ মোতালেব আনসারীর ছেলে। পোরশা থানার ওসি শফিউল আলম জানান, টেলিভিশনের ডিশের সংযোগ মেরামত করতে গিয়ে ফয়সাল বিদ্যুতের তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। পঞ্চগড়ে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র্যালী পঞ্চগড় প্রতিনিধি\ “সময় নয়, জীবন অমূল্য-ট্রাফিক আইন মেনে চলুন”,“একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’, “আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর নিরাপদ ট্রাফিক সড়ক ব্যবস্থা গড়ে তুলি”—এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে ট্রাফিক সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দীন, পুলিশ সুপার আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার আজিম আহম্মেদ, জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর প্রমুখ র্যালীতে অংশ নেন। পীরগঞ্জ সরকারি কলেজে শোকসভা পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ সাবেক গণপরিষদ সদস্য ও পীরগঞ্জ সরকারি কলেজের বেসরকারি আমলের গভর্নিং বডির সদস্য আলহাজ্ব ইকরামুল হকের মৃত্যুতে বৃহস্পতিবার পীরগঞ্জ সরকারি কলেজে এক শোকসভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসার মোঃ আব্দুর রহমান, উপাধ্যক্ষ মোঃ মোসলেম, সহকারী অধ্যাপক মোঃ বদরুল হুদা ও মোঃ একরামুল হক, মোঃ মেহের এলাহী প্রমুখ মরহুমের জীবন ও কীর্তির উপর আলোচনা করেন। মৌলভীবাজার কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি মৌলভীবাজার প্রতিনিধি \ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি মৌলভীবাজার শাখা তাদের বেতন ভাতা ও পদবী পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে দিনব্যাপী কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার শাখার সভাপতি সমরজিত্ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আব্দুল মন্নান চৌধুরী, কাওচার আহমদ, নির্মল দেব, বিমল দেব। সিরাজদিখানে মতবিনিময় সভা সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা \ মত্স্য সপ্তাহের অংশ হিসাবে বৃহস্পতিবার দুপুরে সিরাজদিখান প্রেসক্লাবের কর্মকর্তাদের সাথে উপজেলা মত্স্য অধিদপ্তরের কর্মকর্তাদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলায় মাছের ভবিষ্যত্, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক সামসুজ্জামান পনির, ইমতিয়াজ বাবুল, মাহমুদ হাসান মুকুট, সুব্রত দাস রনক, হরিপদ মন্ডল প্রমুখ। মৌলভীবাজারে গ্যাসের দাবিতে মানববন্ধন মৌলভীবাজার প্রতিনিধি \ অবিলম্বে রাজনগর উপজেলার ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবিতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। টেংরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু খানের নেতৃত্বে টেংরা বাজার এলাকায় মৌলভীবাজার-কুলাউড়া সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কোটালীপাড়ায় ব্র্যাকের প্রকল্প পরিচিতি সভা কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ কোটালীপাড়া উপজেলায় বেসরকারি সংস্থা সেফারওয়ার্ল্ডের সহযোগিতায় ব্র্যাকের ইমপ্রুভিং দ্যা কনডিশন্স ফর রিকন্সট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুভাষ চন্দ্র চৌধুরী, ওসি আব্দুল লতিফ, বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কান্ট্রি প্রোগ্রাম অফিসার জি.এম প্রমুখ। নেত্রকোনা জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতিকে সংবর্ধনা নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি আইয়ুব আলী ফনু ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস কলেজের গভর্নিং বডির বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার জেলা জাতীয় পার্টি তাকে সংবর্ধনা প্রদান করে। জেপির নেত্রকোনা জেলা শাখার সহ-সভাপতি সুনীল সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শামছুজ্জোহা রতন, ডাঃ জেসি বিশ্বাস, মোঃ আলমগীর। উল্লেখ্য,গত ১৯ জুন ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস কলেজের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়। বেতাগীতে চেক হস্তান্তর ও সনদ বিতরণ বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার বিকেলে বেতাগী উপজেলা হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বরগুনা রুরাল এমপ্লয়মেন্ট এ্যান্ড রোড মেইন্টেনেন্স প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের আওতায় বেতাগী উপজেলাধীন ৭০ জন মহিলা কর্মীদের ৫ বছরের আয়বর্ধক কর্মকাণ্ডের এককালীন সঞ্চয়ের জনপ্রতি ৭০ হাজার টাকার চেক হস্তান্তর ও সনদ এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিতরণ করা হয়। বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এএসএম শাহেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম সবুর টুলু। আদমদীঘিতে সাংবাদিকদের সাথে মত বিনিময় আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ জাতীয় মত্স্য সপ্তাহ পালন উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেল ৩টায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মত্স্য অফিসার কাজী আতিয়াহ্ তইয়েবী, সহকারী মত্স্য কর্মকর্তা রতন কুমার কুন্ডু. উপজেলা প্রকৌশলী গোলাম মোর্শেদ. সাংবাদিক হাফিজার রহমান, বেনজীর রহমান, মেহেদী হাসান, খায়রুল ইসলাম, সামছুল আলম, মুনজুরুল ইসলাম প্রমুখ। নড়িয়ায় সেলাই মেশিন ও চেক বিতরণ নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ নড়িয়া উপজেলায় নির্বাহী কার্যালয়ে বৃহস্পতিবার দরিদ্র মত্স্যজীবীদের বিকল্প আয় বর্ধনমূলক কার্যক্রমের সেলাই মেশিন ও ঐচ্ছিক তহবিলে চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পীকার কর্নেল শওকত আলী। এ সময় উপস্থিত ছিলেন হাজী ওহাব বেপারী, মাজেদা শওকত আলী, মোহাম্মদ আসাদুজ্জামান, মাক্সুদুর রহমান প্রমুখ। ২৫ জন মত্স্যজীবীকে সেলাই মেশিন দেয়া হয়।