গুলিস্তানে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে কাওসার ও আসলাম নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, তারা সিআইডি অফিসার পরিচয়ে ইকবাল নামে গুলিস্তানের এক ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। বৃহস্পতিবার বিকালে ঐ ব্যবসায়ীকে একটি ফাস্টফুডে ডেকে নিয়ে তারা পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখায়। খবর পেয়ে পুলিশ গিয়ে দুই প্রতারককে গ্রেফতার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
এদিকে এক ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় শরীফ নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গুলিস্তানের বঙ্গবন্ধু স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে থেকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
পল্টন থানার ওসি (তদন্ত) জানান, মোরশেদ নামে এক ব্যবসায়ী ব্যাংক থেকে টাকা তুলে সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। তার হাতে একটি ব্যাগে ১০ লাখ টাকা ছিল। ছিনতাইকারীরা ব্যাগটি টেনে দৌড় দেয়। এ সময় ব্যবসায়ীর চিত্কারে টহল পুলিশ গিয়ে এক ছিনতাইকারীকে ধরে ফেলে। এ ঘটনায় আটক ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।
এদিকে রামপুরায় ছিনতাইয়ের অভিযোগে আবদুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। রামপুরা থানার এক এসআই জানান, বৃহস্পতিবার নাছিরউদ্দিন নামে এক ব্যক্তি মায়ের চিকিত্সার জন্য গচ্ছিত ৫০ হাজার টাকা নিয়ে রামপুরা হাজীপাড়া বউবাজার থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ঐ সময়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আব্দুর রাজ্জাকসহ চার/পাঁচজন তার গতিরোধ করে এবং টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। নাসিরের চিত্কারে লোকজন এসে রাজ্জাককে গণপিটুনি দেয়। এসময় তার সহযোগীরা ৩১ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে।
