ধানমন্ডিতে বন্ধুদের হামলায় আহত ছাত্রের মৃত্যু

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২২:৫৬
ধানমন্ডিতে বন্ধুদের হামলায় আহত শামীম শিকদার তিনদিন পর চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার মারা গেছেন। ভোররাতে পুলিশ স্থানীয় একটি হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। শামীম ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের তড়িত্ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। জানা যায়, শামীম মঙ্গলবার সন্ধ্যায় শুভসহ কয়েকজন বন্ধুর সঙ্গে রবীন্দ্র সরোবরে ঘুরতে যান। সেখানে বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বন্ধুরা তাকে মারধর করে। বাড়ি ফিরে শামীম অনবরত বমি করতে থাকলে ঐ রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিত্সার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে বৃহস্পতিবার রাতে সেখানে সে মারা যান। তবে কি নিয়ে বন্ধুদের সঙ্গে ঝামেলা হয়েছিল তা জানা যায়নি। এব্যাপারে ধানমন্ডি থানায় জিডি করা হয়েছে। অভিযুক্ত শুভকে আটক করা হয়েছে। এদিকে জাতীয় সংসদ ভবনের চন্দ্রিমা উদ্যানে লেকের পানিতে গোসল করতে নেমে সোহাগ সরকার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে লেক থেকে দমকল বাহিনীর ডুবুরি দল লাশ উদ্ধার করে। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে।