মুন্সীগঞ্জের দুই সড়কে ফাটল চলাচল বিঘ্নিত

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২২:৫৭
মুন্সীগঞ্জ শহরের গনকপাড়ায় দুটি সড়কের একাংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। গনকপাড়া থেকে পুরনো কাছারী এবং গনকপাড়া থেকে মানিকপুর এই দু’টি গুরুত্বপূর্ণ পিচঢালা সড়কেই দেখা দিয়েছে এই ফাটল। এতে স্বাভাবিক যান চলাচলও বন্ধ রয়েছে। বাঁশ দিয়ে আটকে দেয়ার কারণে শুধু রিকশা ও সাইকেল ছাড়া আর কোন যান চলাচল করতে পারছে না। গনকপাড়া-পুরনো কাছারি সড়কের সাবেক পৌর কমিশনার মুক্তিযোদ্ধা গোলাম হোসেনের বসতবাড়ির সামনে সোমবার ও মঙ্গলবার ভূমি ধসে প্রায় দুইশ’ গজ এলাকা দেবে যায়। গনকপাড়া-মানিকপুর সড়কের গনকপাড়া পুকুরের পাশের রাস্তায় একশ’গজ এলাকায় ফাটল দেখা দেয় মাসখানেক আগে। এতে এই অঞ্চলের সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াতের সমস্যায় পড়ছে। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, জনগণের দুর্ভোগ লাঘবে রাস্তা দু’টি দ্রুত চলাচল উপযোগী করতে এবং অন্যান্য রাস্তার ব্যাপারেও আগাম সংস্কারের জন্য পৌরসভাকে বলা হয়েছে। এ ব্যাপারে মুন্সীগঞ্জ পৌর মেয়র একেএম ইরাদত মানু বৃহস্পতিবার বিকালে জানান, বিধি-বহির্ভূতভাবে রাস্তা ঘেঁষে বেশি গভীর করে পুকুর কাটার কারণে গনকপাড়া-মানিকপুর সড়কে ফাটল দেখা দিয়েছে।