ঝিনাইদহে অর্ধ শতাধিক প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক নেই

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২২:৫৭
ঝিনাইদহ জেলায় অর্ধ শতাধিক সরকারি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক কাজ-কর্ম ব্যাহত হচ্ছে। জেলা প্রাইমারি শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ জেলায় সরকারি প্রাইমারি স্কুলের সংখ্যা ৪শ’ ৭টি। কালীগঞ্জ উপজেলায় ৮টি, কোটচাঁদপুর উপজেলায় ১টি, ঝিনাইদহ সদর উপজেলায় ৫টি, মহেশপুর উপজেলায় ১৫টি, শৈলকুপা উপজেলায় ১৫টি ও হরিণাকুন্ডু উপজেলায় ৭টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় স্কুলগুলোতে একজন সহকারি শিক্ষক ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করছেন। এতে স্কুলের সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। উক্ত সূত্রে আরো জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলায় ৪ জন, মহেশপুর উপজেলায় ২ জন, শৈলকুপা উপজেলায় ৫ জন ও হরিণাকুন্ডু উপজেলায় ৩ জন উপজেলা সহকারি প্রাইমারি শিক্ষা অফিসারের পদ শূন্য রয়েছে। এর ফলে স্কুলগুলোর পরিদর্শন কাজ ব্যাহত হচ্ছে। জেলা সহকারি প্রাইমারি শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন জানান, প্রধান শিক্ষক ও উপজেলা সহকারি প্রাইমারি শিক্ষা অফিসারের শূন্য পদগুলোতে নিয়োগদানের জন্য ডিজি অফিসে চিঠি লেখা হয়েছে। ঝিনাইদহে গলা কাটা লাশ উদ্ধার গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর গ্রামের একটি জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, কয়েকদিন আগে তাকে গায়ের শার্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ধর থেকে মাথা আলাদা করে দুর্বৃত্তরা। তারপর ঝিনাইদহ মাগুরা মহাসড়কের পাশে মধুপুর জঙ্গলে ফেলে রেখে যায়। লাশ পচে গেছে।