নাউখাওয়া ব্রীজ আছে সংযোগ সড়ক নেই

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২২:৫৮
নাগেশ্বরীর কালিগঞ্জে নাউখাওয়ার ডারায় ব্রীজ আছে সংযোগ সড়ক নেই। ৬ বছরেও তা নির্মিত না হওয়ায় সেটি জনগণের কোন কাজে আসছে না। ২০০৭ সালে ৩৯ লাখ টাকা ব্যয়ে ৬০ ফুট দৈর্ঘ্যের ওই ব্রীজটি নির্মাণ করা হয়। বরাদ্দে ব্রীজের দুই পাশে সংযোগ সড়কের মাটি ভরাট উল্লেখ না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান শুধু ব্রীজটি নির্মাণ করে চূড়ান্ত বিল উত্তোলন করে। দুর্ভোগে পড়ে ১৫ হাজার মানুষ। অথচ ব্রীজটির দু’পাশে ২শ’ গজ মাটি ভরাট করলেই পাকা রাস্তার সাথে সংযোগ স্থাপিত হয়। কর্তৃপক্ষের অবহেলায় দীর্ঘদিনেও তা হয়নি। কালিগঞ্জ ইউপি চেয়ারম্যান নূর ইসলাম বলেন, ওই ব্রীজের উপর দিয়ে অনেক লোক চলাচল করে তাই কাবিখা বরাদ্দের কিছু অর্থ দিয়ে ব্রীজের দু’পার্শ্বের সংযোগ দিতে চাইলেও উপজেলা প্রকৌশলী এতে সম্মত হয়নি। উপজেলা প্রকৌশলী মাসুদুজ্জামান জানান, ব্রীজটির সংযোগ সড়কে মাটি ভরাট করলেও বন্যার স্রোতে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে তাই পাশাপাশি আরও একটি ব্রীজ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।