ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা ও দেবহাটা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে বিপুল পরিমাণ দেশীয় ইলিশ মাছ ও সুপারি এবং অবৈধ পথে ভারত থেকে আনা থ্রীপিচ আটক করেছে। আটককৃত মালামালের মূল্য ৫৪ লাখ ৯ হাজার টাকা। তবে বিজিবি এ ঘটনায় কোন চোরাচালানিকে আটক করতে সক্ষম হয়নি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় ভোমরা বিওপির সুবেদার গুলজার ও দেবহাটা বিওপির সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে একটি যৌথ টহল দল দেবহাটা উপজেলার সীমান্ত এলাকা ধোপাডাঙ্গায় অভিযান চালিয়ে ৭৯০ কেজি দেশি ইলিশ মাছ ও ১ হাজার ৪শত ৪ পিচ ভারত থেকে অবৈধ পথে আনা থ্রীপিচ আটক করে। এদিকে, একই সময়ে ভোমরা বিওপির অপর একটি টহল দল সীমান্তের মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় দুই হাজার ৩৫ কেজি সুপারি আটক করে। আটককৃত সুপারির মূল্য ৪ লাখ ৭ হাজার টাকা। বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এর আর মোঃ পারভেজ মজুমদার, এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত মালামালের মূল্য ৫৪ লাখ ৯ হাজার টাকা।
