বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ৪৩ বছর ধরে বিভিন্ন উন্নয়নশীল দেশের সাথে কাজ করে শিখেছি সমাজের অর্থবহ ও দীর্ঘস্থায়ী পরিবর্তনে নারীরাই বিশেষ ভূমিকা রাখে। নারীই পারে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে। গতকাল গুলশানের হাসিম টাওয়ারে প্রান্তিক নারীদের উত্পাদিত পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র ‘সেউঁতি’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উইমেন এন্টারপ্রিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন আমেরিকান রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, বেগম রওশন এরশাদ এমপি, রাশেদা বেগম ইরা এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েব সভাপতি নাসরিন আউয়াল মিন্টু।
ওয়েব প্রান্তিক নারীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রশিক্ষণ, তাদের উত্পাদিত পণ্য বিপণন এবং রপ্তানির ব্যবস্থা করে বলে জানান সভাপতি। নারীর অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তির জন্য এই সকল কাজে সহযোগিতা করার জন্য দেশে নারীদের জন্য একটি ব্যাংক এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন তারা।
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া তাদের এই দাবি পূরণের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে নারীরা যে শ্রম দিচ্ছে তা অন্যদেশের জন্য অনুসরণীয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সেউঁতির পোশাকের উপর একটি ফ্যাশন-শোয়ের আয়োজন করা হয়।
