মিসরের রাজনৈতিক পট পরিবর্তনের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। দেশটির সকল রাজনৈতিক পক্ষকে সহিংসতা এড়াতে ও জনজীবনের স্বাভাবিক অবস্থা অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ সহিষ্ণুতা দেখানোর আহবান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি সাংবিধানিক প্রক্রিয়া ও আইনের শাসন অক্ষুণ্ন রাখতেও মিসরের রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানানো হয়েছে।
গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের এ অবস্থানের কথা তুলে ধরা হয়। এতে বলা হয়, পরিকল্পিত ও গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে মিসরের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলেও মনে করে বাংলাদেশ। মিসরের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে বাংলাদেশ অনেক বেশি গুরুত্ব দেয় এবং আগামীতে দুই দেশের পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে এ সম্পর্ক আরো জোরদার হবে। এতে দুই দেশেরই জনগণ উপকৃত হবে। মিসরে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
