সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ৭৬

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২৩:২৩
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৭৬ জন আহত হয়েছেন। ঢাকার সাভার, কুমিল্লার চান্দিনা, নেত্রকোনা, সাতক্ষীরার পাটকেলঘাটা, রংপুরের মিঠাপুকুর ও যশোরের চৌগাছায় এসব দুর্ঘটনা ঘটে। ইত্তেফাক প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট। সাভার:সাভারে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে ২ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক বাসযাত্রী। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় রাবেয়া ক্লিনিকসহ আশপাশের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। নিহত একজনের নাম মনু মিয়া (বাস চালক)। চান্দিনা:কুমিল্লার চান্দিনায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে অজ্ঞাত পরিচয় (৩৫) দুই ব্যক্তি নিহত ও ৪ যাত্রী আহত হয়েছে। শুক্রবার বিকালে চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের দোতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া যায়নি। অপর ব্যক্তি মাইক্রোবাস চালক অজ্ঞাতনামা (২৫)। নেত্রকোনা:নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের নেত্রকোনার আনন্দবাজার মোড়ে গতকাল শুক্রবার বিকালে ৫ম শ্রেণির স্কুল ছাত্র শুভ (১১) ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে। সে নেত্রকোনা শহরের নাগড়াস্থ পশর আলীর পুত্র। জানা গেছে বিকালে শুভ বাই-সাইকেলে করে সাকোয়ায় নানার বাড়ি থেকে আসার সময় বিপরীত দিক হতে আসা একটি ট্রাক শুভকে চাপা দেয়। সাতক্ষীরা:সাতক্ষীরার পাটকেলঘাটায় গতকাল শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম লামিয়া খাতুন (৫)। সে পাটকেলঘাটা থানার পাঁচপাড়া গ্রামের আল আমিন খাঁর মেয়ে । পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি দুপুরে পাটকেলঘাটা থানার পাঁচপাড়া বাজার নামক স্থানে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ইঞ্জিনচালিত ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। মিঠাপুকুর:মিঠাপুকুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাকের সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার দমদমা এলাকায় পাঁচমাইল নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা ডিমলাগামী যাত্রীবোঝাই কোচ রংপুর-বগুড়া মহাসড়কের পাঁচমাইল নামক স্থানে পৌঁছালে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাকের সাথে সংঘর্ষের পর বাসটি খাদে পড়ে যায়। এ সময় আবু তাহের (২৭) নামের এক মোটর সাইকেল আরোহী ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। চৌগাছা:যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ২৫ জন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে যশোর থেকে চৌগাছা অভিমুখে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চৌগাছা-যশোর সড়কের টালিখোলা নামক স্থানে পৌঁছালে নিন্ত্রয়ণ হারিয়ে গাছে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সাথে সাথে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। শিবালয় (মানিকগঞ্জ):গতকাল শক্রবার সন্ধ্যায় শিবালয় উপজেলার ঝঁড়িয়ারবাগ গ্রামের আজিজ খানের কন্যা শান্তার বিবাহোত্তর অনুষ্ঠানের যাত্রীবোঝাই মেক্সি খাদে পড়ে কোহিনূর (২৫) নিহত ও নারী শিশুসহ ২৫ জন আহত হয়েছে। মহাদেবপুর-বুতনী সড়কের বিবিরাস্তি কবরস্থানের কাছে এ দুর্ঘটনায় ঘিওর ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার কাজ চালায়। অতিরিক্ত যাত্রীবোঝাই মেক্সিচালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ: গতকাল শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদিতে ট্রাক চাপায় অজ্ঞাতনামা রিকশা আরোহী যুবকের (৪০) মৃত্যু হয়েছে ও অপর ২ যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হয়েছে। গজারিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দিলে অজ্ঞাতনামা রিকশা আরোহী ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকটি পালিয়ে যায়। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।