দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা সংকটাপন্ন অবস্থায় প্রায় এক মাস যাবত্ রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে চিকিসাধীন। ডাক্তাররা তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখেছেন। গত সপ্তাহে এই লাইফ সাপোর্ট খুলে ফেলতে তার পরিবারকে পরামর্শ দিয়েছিলেন তার ডাক্তাররা। তবে তার অবস্থা বোধশক্তিহীন নয় বলে গতকাল শুক্রবার সরকারের পক্ষ থেকে জানানো হয়। এদিকে তাকে সমাহিত করার স্থান নিয়ে তার পরিবার বিরোধে জড়িয়ে পড়ায় এর নিন্দা জানিয়েছে দক্ষিণ আফ্রিকার আর্চ বিশপ ডেসমন্ড টুটু। ম্যান্ডেলার তিন নাতির সমাধি সরিয়ে নেয়া নিয়ে বিরোধ অবসানের আহ্বান জানিয়েছেন ডেসমন্ড টুটু ও উপরাষ্ট্রপতি কেগালেমা মোটলান্থে। খবর এএফপির।
ফুসফুসের সংক্রমণের কারণে সর্বশেষ গত ৮ জুন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ম্যান্ডেলাকে হাতপাতালে ভর্তি করা হয়। এতদিনেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। গত সপ্তাহে তার লাইফ সাপোর্ট খুলে ফেলতে ডাক্তাররা তার পরিবারকে পরামর্শ দিয়েছেন বলে আদালতে দেয়া নথিপত্র থেকে তথ্য পাওয়া গেছে। গত ২৬ জুন একটি আদালতে আরো জানানো হয়, ম্যান্ডেলার অবস্থা খুবই সংকটাপন্ন। তার স্ত্রী ও তিন কন্যাসহ পরিবারের ১৫ সদস্যের পক্ষে আইনজীবী আদালতকে এই তথ্য জানান। ২৬ জুনই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা তার মোজাম্বিক সফর বাতিল করেন। মৃত্যুর পর ম্যান্ডেলাকে সমাহিত করার স্থান নিয়ে তারা আদালতে যান। আদালত কুনু গ্রামে তাকে সমাহিত করার নির্দেশ দেয়। কিন্তু তার নাতনি ম্যান্ডেলা তাকে জন্মস্থান এমভেজো গ্রামে সমাহিত করার পক্ষে।
