শেখ হাসিনা-হেগ বৈঠক

আগামী নির্বাচনের পদ্ধতি নিয়ে সংলাপ চায় ব্রিটেন

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২৩:৩৬
লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার হোটেল স্যুটে সাক্ষাত্ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ সাক্ষাতে তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন, রানাপ্লাজা দুর্ঘটনাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন। ব্রিটিশ ফরেন এন্ড কমনওয়েলথ বিভাগের সিনিয়র মন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সি, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, এ্যাম্বাসেডর এট লার্জ জিয়া উদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এ সময় উপস্থিত ছিলেন। প্রায় ৪৫ মিনিটের এ বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের জানান, উইলিয়াম হেগ বাংলাদেশের আগামী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ওয়েস্ট মিনিস্টার ধাঁচের গণতন্ত্রের চর্চা করতে চায় বাংলাদেশ। তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য কোনো সম্মানজনক পন্থা নয়, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল সকলকে এটা বুঝতে হবে। এ সময় সাম্প্রতিক চার সিটি কর্পোরেশনের সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিরোধী দলকে সংলাপের প্রস্তাব দেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংলাপ প্রস্তাবের জবাবে বিরোধী দলীয় নেত্রীর কাছ থেকে আমরা পেলাম আল্টিমেটাম। এ সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ আগামী নির্বাচন প্রক্রিয়া নির্ধারণে দলগুলোর মধ্যে সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পন্থা বের হয়ে আসবে এমনটাই প্রত্যাশা করে ব্রিটেন। এ সময় তিনি রানা প্লাজা দুর্ঘটনার কথা স্মরণ করে বলেন, ব্রিটেন আশা করে, গার্মেন্টস খাতের বিদ্যমান সমস্যা সমাধানে বাংলাদেশ আরো গুরুত্ব দিয়ে কাজ করবে। এ কাজে ব্রিটেনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের সফরে লন্ডনে অবস্থান করছেন। রবিবার তার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপের বিবাহ উত্তর অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। সোমবার তিনি ‘অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন বাংলাদেশ’ এর সদস্যদের সাথে বৈঠক করবেন। এদিন বিকাল তিনটায় এক সরকারি সফরে তিনি বেলারুশের উদ্দেশ্যে লন্ডন ছেড়ে যাবেন। ১১ জুলাই প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।