সাতক্ষীরায় শ্রমিকলীগ নেতার নেতৃত্বে প্রেসক্লাবে হামলা

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২৩:৩৭
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনের নেতৃত্বে গতকাল শুক্রবার স্থানীয় প্রেসক্লাবে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। হামলায় সাংবাদিক-পুলিশসহ ৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন দৈনিক কালের কণ্ঠের শ্যামনগর উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি আকবর কবির, দৈনিক যুগের বার্তার প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান সুমন , দৈনিক জনতার কামরুজ্জামান, সমকালের এস কে সিরাজ, দৈনিক স্পন্দনের মোহাম্মদ আলী, সত্যপাঠের মেহেদী হাসান মারুফ এবং শ্যামনগর থানার এ এস আই জুলহাজ। এ ঘটনায় পুলিশ আদম আলী নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে। আহতদেরকে সাতক্ষীরা সদর ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে প্রেসক্লাব সভাপতি আকবর কবিরের অবস্থা আশংকাজনক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মাজাট গ্রামে বৃহস্পতিবার বিকালে একটি ফুটবল খেলাকে কেন্দ্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দার গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এই সংঘর্ষের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম দফায় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনের নেতৃত্বে ৩০/৩৫ জন লোক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে গিয়ে জগলুল হায়দারকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং প্রেসক্লাবের আসবাবপত্র ভাংচুর করে। এরপর গতকাল শুক্রবার বেলা ১১টায় তার নেতৃত্বে আবারও এক দেড়শ লোক হকিষ্টিক, লাঠি, রামদা নিয়ে প্রেসক্লাবে অতর্কিত হামলা চালিয়ে ৭ জনকে পিটিয়ে আহত করে। তারা এ সময় প্রেসক্লাবের জানালা, দরজা, কম্পিউটারসহ সকল আসবাবপত্র ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আদম আলী নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।