চৌদ্দ দল সমর্থিত প্রার্থী টঙ্গী পৌরসভার সাবেক মেয়র এডভোকেট আজমত উল্লাহ খান শতভাগ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি গতকাল ইত্তেফাকের কাছে এক প্রতিক্রিয়ায় বলেন, ‘ভোটে আগেও হারিনি, এবারও হারবো না ইনশাল্লাহ। গাজীপুরবাসী আমার অতীত কার্যক্রমকে মূল্যায়ন করে ভোট দেবে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী’। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ। আশা করছি গাজীপুরবাসী উত্সবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোট দিয়ে আগামী দিনের প্রতিনিধি নির্বাচন করবেন।
তিনি বলেন, টঙ্গী পৌরসভায় প্রতিবারই আমি আগের চেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছি। এছাড়া আমার বিরুদ্ধে কখনোই কোন দুর্নীতির অভিযোগ কেউ দিতে পারেনি। সুতরাং যোগ্য প্রার্থী বিবেচনায় জনগণ আমাকে বেছে নেবেন বলে আমি বিশ্বাস রাখি।
