গতকাল শুক্রবার কক্সবাজারের রামু উপজেলার রাজারকুলে ২৫০ একর পাহাড়ি বোটানিক্যাল গার্ডেনের ফলক উন্মোচন করলেন বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় বন সংরক্ষক মো. আকবর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান বন সংরক্ষক ইউনুস আলী, জেলা প্রশাসক মো. রুহুল আমিন বিভাগীয় বন কর্মকর্তা ও বোটানিক্যাল গার্ডেন প্রকল্প পরিচালক বিপুল কৃষ্ণ দাস, পুলিশ সুপার আজাদ মিয়া, জেলা আওয়ামী লীগ সভাপতি একেএম আহমদ হোছন, সাইমুম সরওয়ার কমল প্রমুখ।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও প্রকল্প পরিচালক বিপুল কৃষ্ণ দাস জানান, ২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে প্রাথমিক পর্যায়ে ১৫ একর জমির উপর গত এপ্রিল থেকে শুরু হয় কাজ। তৈরি হয় কালভার্ট, অফিস ভবন, পাহাড়ে ওঠার ছোট রাস্তা, বাগান ও পুকুর । সেখানে বিরল ও বিলুপ্তপ্রায় উদ্ভিদ যেমন- বৈলাম, বাটনা, ধলি গর্জন, তেজবহুল, উড়ি আম, শীলকড়ই, কাইফল, কাঠবাদাম, সোনালু, ছাতিয়ান, জ্যাকারান্ডা ও মুস বৃক্ষ রোপণ করা হয়েছে। বিভিন্ন প্রকার হারিয়ে যাওয়া বাঁশ, ঋতুভিত্তিক ফুলের বাগান, বিরল প্রজাতির ৫০ প্রকার গাছ ও নার্সারি হয়েছে। বোটানিক্যাল গার্ডেন সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
