৩২ বছরে লোক নাট্যদল

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ১৯:৩২
লোক নাট্যদলের ৩২ বছর পূর্তি উপলক্ষে গতকাল দলীয় কর্মীদের পূনর্মিলনী অনুষ্ঠিত হয় এবং আজ নতুন নাটক ‘সুনাগরিকের সন্ধানে’—এর মঞ্চায়ন শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে। গতকাল দেশের অন্যতম এই নাট্যসংগঠনটির প্রতিষ্ঠার ৩২ বছর পূর্তি হয়ে ৩৩ বছরে পদার্পণ করে। উল্লেখ্য, লোক নাট্যদলের ২৬তম প্রযোজনা ‘সুনাগরিকের সন্ধানে’-এ বছর এপ্রিল মাসে প্রথম মঞ্চস্থ হয়। ‘সুনাগরিকের সন্ধানে’ নাটকটি রচনা করেছেন অধ্যাপক মলয় ভৌমিক এবং নির্দেশনা দিয়েছেন খায়রুল আলম টিপু। ১৯৮১ সালের ৬ জুলাই প্রতিষ্ঠার পর থেকে লোক নাট্যদল এ পর্যন্ত দেশি-বিদেশি বিভিন্ন নাট্যকারের নাটক বিভিন্ন আঙ্গিকে মঞ্চে এনেছে। এরই ধারাবাহিকতায় লোক নাট্যদল ‘সুনাগরিকের সন্ধানে’ নাটকটি মঞ্চে আনো। ‘বিবেক একজন সুনাগরিকের জাগ্রত শক্তি’ আর ‘বিবেক ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার শক্তি যোগায়’-এ স্লোগানকে ধারণ করে—বুদ্ধিমত্তা, আত্মসংযম আর বিবেক এই তিন গুণাবলীর সমন্বয়ে একজন সুনাগরিককে খুঁজে বের করে তাকে পুরস্কৃত করার লক্ষ্যে কোনো এক নগরের নগরকর্তা, তোষামোদকারী নগরমন্ত্রী, নগরপণ্ডিত ও অমাত্যদের খামখেয়ালী আর কাণ্ডজ্ঞানহীন আচরণের মধ্য দিয়ে হাস্যরসের মাধ্যমে নাটকটি চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায়।