কোনো একটি বড় ছবি বা চিত্রকর্মকে ছোটো ছোটো কিছু অংশে ভাগ করে তা পুনরায় মিলিয়ে নেওয়ার মজার একটি খেলা হলো জিগস পাজল। শিশু কিংবা ছবির ধাঁধাঁ ভালোবাসেন এমন অনেক মানুষই তাদের অবসর সময়ে এ ধরনের পাজল বা ধাঁধাঁ মেলাতে ভালোবাসেন। তবে কিছুদিন আগে যুক্তরাজ্যের অধিবাসী ডেভ ইভান্স যে জিগস পাজলটি তৈরি করেছিলেন সেটি প্রায় কারও পক্ষেই চট করে মিলিয়ে নেওয়া সম্ভব নয়। আর এর কারণ হলো ইভান্সের এই জিগস পাজলটিতে সবমিলিয়ে পাজল পিস বা মিলানোর জন্য দেওয়া ছবির টুকরোর সংখ্যা ছিল ৪০,৭৬৩টি এবং আকারের দিক থেকে এটি ছিল ৬.৪৫ মিটার বাই ২.৪১ মিটার। আর বিশ্বের বৃহত্তম এই হ্যান্ড কাট পাজলের মূল বিষয়বস্তু ছিল রাণী এলিজাবেথের ডায়মন্ড জুবিলির বিভিন্ন ঘটনার ছবি যা তৈরি করতে ইভান্সের সময় লেগেছিল এক মাসেরও বেশি।
