১০ বছর পর শুল্ক থাকবে না

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ১৯:৫০
ভবিষ্যতে আয়করের উপরই রাজস্বকে নির্ভর করতে হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন, ১০ বছর পর পৃথিবীতে শুল্ক থাকবে না। ভ্যাট এ ফাঁকি দেয়ার সুযোগ কমে যাবে। সেই সময়ে আয়করে ফাঁকি দিতে লজ্জা হবে। শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে বিসিএস কর অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কর ফাঁকি শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই কম বেশি এই চরিত্র আছে। তবে আমাদের দেশে তা কমছে। তবে তিনি মনে করেন, দেশে অনেক করযোগ্য লোকই কর দেন না। আগে দারিদ্র্য ছিল প্রধান পরিচয়। সেটা এখন আর নেই। লোকজনের আয় বাড়ছে। দেশের অনেক লোকজন ধনী হচ্ছেন। রাজস্বের প্রবৃদ্ধিও আশাব্যাঞ্জক। তবে দেশের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশও নয়। মাত্র ১১ লাখ লোক কর দেন। এটি এখনো অনেক কম। এটি বাড়াতে হবে। এনবিআরের সাবেক সদস্য ও বর্তমানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব এম এ কাদের সরকারের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন। গোলাম হোসেন বলেন, চলতি অর্থবছরে আয়করের লক্ষ্যমাত্রা ৪৮ হাজার ৫০০ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্বক শক্তি প্রয়োগ করব। একই সাথে চলতি অর্থবছরের রাজস্বের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা আদায়যোগ্য বলেও মনে করেন তিনি। তবে এ জন্য রাজস্বের প্রধান তিনটি খাত আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগের মধ্যে আন্ত:সমন্বয় আরো বাড়ানোর উপর জোর দিয়েছেন তিনি। এম এ কাদের সরকার এনবিআরের সদস্যদের পদমর্যাদা সচিব মানে উন্নীত করা, আয়করের লক্ষ্য অর্জনকারী কর্মকর্তাদের ঘোষিত প্রণোদনা ছাড় সংক্রান্ত জটিলতা দূর করার দাবি জানিয়েছেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো: সহীদ, এনবিআর সদস্য বশির উদ্দিন আহমেদ, অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি ড. মাহবুবুর রহমান প্রমুখ।