সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় উদ্বেগজনকভাবে বেড়ে গেছে ডাকাত আতংক। গত বুধবার গভীর রাতে পৌরসভার আমিনপুর মঠবাড়ি এলাকায় ডাকাত সন্দেহে জসু (৩৮) নামে একব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গ্রেফতারকৃতের কাছ থেকে ডাকাতির বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে। এ ঘটনার পর থেকে সোনারগাঁওয়ে ডাকাত আতংক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁও জি আর স্কুলের শিক্ষক অসিম দাসের বাড়ির আশপাশ দিয়ে রাত সাড়ে ১১টার দিকে ৩/৪ জন লোক ঘুরাফেরা করছিল। পরে এলকাবাসীর বিষটি সন্দেহ হলে তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে দৌড়ে পালানোর সময় জসু নামে একজনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। এসময় ডাকাত দলের অন্য সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত জসুর কাছ থেকে একটি শেলাই রেঞ্জ, রশি ও একটি সাবলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত জসুর বাড়ি হোমনা। সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান খান জানান, ডাকাত সন্দেহে জসু নামে একজনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
