বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ৬০ শতাংশ মহার্ঘভাতাসহ পাঁচ দফা দাবি পূরণে কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল শনিবার বিএমএ মিলনায়তনে সংগঠনের সভাপতি সালেউদ্দিন সেলিমের সভাপতিত্বে আয়োজিত সভায় এ দাবির পাশাপাশি দীর্ঘমেয়াদী কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয়সহ অধিদপ্তর/ পরিদপ্তরভুক্ত সারা দেশের বিভাগীয়/ জেলা-উপজেলা থেকে প্রায় ১ হাজার নেতা অংশগ্রহণ করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ, কার্যকরী সভাপতি মোয়াজ্জেম হোসেন, এমএ হান্নান, শাহাদত্ হোসেন শহীদ, হুমায়ন কবির টুটুল, অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ, সেলিম ভুঁইয়া, কুতুবুদ্দিন সেলিম, সহ-সভাপতি ছালজার রহমান, সৈয়দ ছরোয়ার হোসেন, সামছুল হক সুজন, আব্দুস সামি, আসকর আলী, আব্দুল মান্নান, ওবাইদুল্লাহ মজুমদার, আম্বিয়া বেগম পলি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। এরমধ্যে রয়েছে ১৬ থেকে ৩১ জুলাই ঢাকা মহানগরীর আঞ্চলিক, বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় প্রতিনিধি সভা, ১৯, ২০, ২১ আগস্ট প্রতিদিন সকাল ১১টা থেকে ঢাকাসহ সকল বিভাগীয় শহরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ও অন্যান্য জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ প্রদর্শন এবং ২৪ আগস্ট সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা।
