গাইবান্ধায় শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২১:৪৩
গাইবান্ধায় মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানির পর হত্যা এবং সরকারি বালিকা শিশু সদনের দশম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহননকারী উপ-তত্ত্বাবধায়ককে গ্রেফতারের দাবিতে গত বৃহস্পতিবার মানববন্ধন করেছে। পৃথক দু’টি ঘটনার জন্য জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, শিশু-কিশোর মেলার সদস্যরা ও শহরের সামাজিক, রাজনৈতিক সংগঠন এবং ছাত্রছাত্রীরা অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা ফোরামের সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, নিলুফার ইয়াসমীন শিল্পী, জেলা বাসদের আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, আন্দোলনের আহবায়ক শেখ সামাদ আজাদ, জেলা নাগরিক পরিষদের আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, নাগরিক আন্দোলনের আহবায়ক মির্জা হাসান, জেলা জাসদ নেতা মোক্তাদুর রহমান মিঠু, ছাত্রনেতা বজলুর রহমান, শিশু-কিশোর মেলার সংগঠক জেসমিন আক্তার, নিহতের আত্মীয়-স্বজন ও সহপাঠীরা। জানা যায়, সাবেক উপ-তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আরিফ প্রধান ওই ছাত্রীকে বিয়েসহ নানা প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলেন। পরে আরিফ ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বিকার করলে গত ২৩ জুন রাতে সে আত্মহত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় সমাজসেবা অধিদপ্তর অভিযুক্ত কর্মকর্তাকে সাসপেন্ড করে। এব্যাপারে থানায় মামলার পরও আরিফকে গ্রেফতার করা হয়নি। গত ১৬ জুন সদর উপজেলার খোলাহাটির ছয়ঘরিয়ার এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে। তাকে ধর্ষনের পর হত্যা করে বাড়ির পাশে সাজিনার বিলে ফেলে দেয়। এ ঘটনার এক মাস পরও কোন আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন হয়েছে।