বখাটের উত্পাতে লেখাপড়া বন্ধ

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২১:৪৮
বখাটেদের অত্যাচারে রাজীবপুরে ৫ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী কয়েকদিন মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে বখাটেরা আরো ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে তুলে নেয়ার চেষ্টা করে। মেয়েটির চিত্কারে গ্রামবাসী এগিয়ে আসলে বখাটেদের চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে মেয়েটির মাদ্রাসায় যাওয়া বন্ধ। মেয়েটির অসহায় দিনমজুর পিতা বাদী হয়ে গত রবিবার ওই বখাটেদের বিরুদ্ধে রাজীবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাজীবপুর উপজেলার চর সাজাই মন্ডলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, এই গ্রামের দিনমজুর কামাল হোসেনের মেয়ে কামরুন্নাহার খাতুন চর সাজাই দাখিল মাদ্রাসায় লেখাপড়া করে। মাদ্রাসায় যাতায়াতের সময় এই গ্রামের বাহাদুর মিয়ার পুত্র জহুরুল ইসলাম ও তার বন্ধু রুহুল আমীন, বিপ্লব, হাফিজুরসহ ৪ বখাটে প্রায়শই মেয়েটির পথ আগলে প্রেমের প্রস্তাব ও নানাভাবে উত্ত্যক্ত করে আসছে। এ নিয়ে গ্রাম্যভাবে বিচার সালিশীও হয়েছে কয়েকবার। কিন্তু তাদের বখাটেপনা বন্ধ হয়নি। সালিশী বৈঠকের কারণে তাদের বখাটেপনা আরো বেড়ে গেছে বলে গ্রামবাসী জানায়। মাদ্রাসার সুপার আবু আজাদ জানান, ওইসব বখাটের অভিভাবকদের একাধিকবার বিষয়টি জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাছাড়া অভিভাবকরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় গ্রামবাসীও কিছু করতে পারছে না।