সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২১:৪৮
দিনাজপুরে সেরা ১০ উপকারভোগী পুরস্কৃত স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ একটি বাড়ি একটি খামার প্রকল্পের ১০ জন উপভোগকারী মধ্যে গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরডিবির উপ-পরিচালক আব্দুস সাত্তার মন্ডল, উপজেলা চেয়ারম্যানদের পক্ষে কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ইউএনওদের পক্ষে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার তৌফিক ইমাম এবং জেলা পর্যায়ের কর্মকর্তাদের পক্ষে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপ-পরিচালক ডা. দিদারুল ইসলাম। প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী পুরস্কার প্রদান করেন। উখিয়ায় ইনানী ইক্যুট্যুরিজম পরিদর্শনে মন্ত্রী উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ শুক্রবার উখিয়ার উপকূলীয় এলাকার মনখালী বন বিশ্রামাগার ও মনকালী খালের ভাঙ্গনে শত শত ঝাউ গাছ বিলীন হয়ে যাওয়ার দৃশ্য প্রত্যক্ষ করেন। এছাড়াও মন্ত্রী আর্থিক সনের মনখালী, চোয়াংখালী, ইনানীস্থ বাগান পরিদর্শন করে চোয়াংখালী বনবিভাগের ৫ একর জায়গার উপর বাস্তবায়নাধীন ইক্যুট্যুরিজম প্রকল্প পরিদর্শন শেষে যত দ্রুত সম্ভব প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। ছাতকে মত্স্য বিভাগের মতবিনিময় ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জাতীয় মত্স্য সপ্তাহ’র ৫ম দিন গতকাল শনিবার গণমাধ্যম ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছে ছাতক উপজেলা মত্স্য বিভাগ। প্রেসক্লাব কার্যালয়ে আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মত্স্য কর্মকর্তা শরীফুল আলম, মত্স্য বিভাগের ক্ষেত্র সহকারী সুধাংশু বিমল দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ। কলমাকান্দায় গোলাম রব্বানীর জনসংযোগ কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা \ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতা কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাংসদ গোলাম রব্বানী শুক্রবার কলমাকান্দা উপজেলার বড়খাপন, পোগলা ও সদর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় বিএনপি নেতাদের মধ্যে কামাল উদ্দিন ফিরোজ, সুভাষ সাহা, জয়নাল আবেদীন, মঞ্জুরুল হক মঞ্জু, হাবিবুর রহমান হাবিব ও আ. সামাদ সফর সঙ্গী ছিলেন। মেলান্দহে বাধার মুখে মোবাইল কোর্ট মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ মেলান্দহ বাজারের ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে মোবাইল কোর্ট। ৬ জুলাই ভারপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুত্ফুন্নাহার মোবাইল কোর্টটি পরিচালনার জন্য মেলান্দহ বাজারে অভিযান চালান। নানা অভিযোগে ৩ ব্যবসায়ীর কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ক্ষোভে ব্যবসায়ীরা মোবাইল কোর্ট পরিচালনায় বাধার সৃষ্টি করে। খবর পেয়ে বণিক সমিতির সভাপতি বেনজির আহম্মেদ তালুকদারসহ সচেতন ব্যবসায়ীরা ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি শান্ত করেন। এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই দিনের মোবাইল কোর্ট স্থগিত করেন। বটিয়াঘাটায় মত্স্য অধিদপ্তরের মতবিনিময় বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ উপজেলা মত্স্য অধিদপ্তরের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মত বিনিময় সভা গতকাল শনিবার সিনিয়র মত্স্য অফিসার মশিউর রহমানের কক্ষে অনুষ্ঠিত হয়। মত্স্য চাষে প্রতিবন্ধকতা, নদীতে নেট জাল বন্ধ করার উপায় এবং ঋণ খেলাপিদের ব্যাপারে করণীয় বিষয় নিয়ে মত বিনিময় সভায় আলোচনা করা হয়। জিয়ানগরে নারী উন্নয়ন ফোরামের কর্মশালা জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা \ জিয়ানগরে নারী উন্নয়ন ফোরামের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার প্রশাসনিক হলরুমে উপজেলা গভর্ন্যান্স প্রোজেক্টের (ইউজেডজিপি)-এর সহযোগিতায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ খালেক গাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা অমিতাভ মন্ডল, ইউজেডিসিপির বিভাগীয় সমন্বয়কারী অসিম সাহা, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ফেদৌউসি জাহান। ঈশ্বরগঞ্জে বৃক্ষ মেলার উদ্বোধন ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ঈশ্বরগঞ্জে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ চত্বরে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য এম এ ছাত্তার। মেলা উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । হালুয়াঘাটে মত্স্য কর্মকর্তার মতবিনিময় হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা \ হালুয়াঘাট উপজেলা মত্স্য কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদের সাথে মত্স্য সেক্টরের ‘অবদান বিষয়ক’ এক মত বিনিময় গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সভায় মত্স্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, মাঠ কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুগান্তর প্রতিনিধি মো. হাতেম আলী, দৈনিক জাহান প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক আজকের বাংলাদেশ প্রতিনিধি মীর মো. শওকত আহসান বাবুল, দৈনিক দিগন্ত বাংলার ব্যুরো চিফ আব্দুল হক লিটন, দৈনিক লোক লোকান্তর ব্যুরো চিফ আনছারুল হক রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন। গোমস্তাপুরে গণমাধ্যমের সাথে মতবিনিময় গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা গোমস্তাপুরে জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় গণমাধ্যম ব্যক্তিদের সাথে মত্স্য সেক্টরের অবদানবিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা মত্স্য কর্মকর্তার কার্যালয়ে মত বিনিময় সভায় মত্স্য সেক্টরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদানের দিকগুলো তুলে ধরেন উপজেলা মত্স্য কর্মকর্তা শামশুল করিম। স্বরূপকাঠিতে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন স্বরূপকাঠি (পিরোজপুর ) সংবাদদাতা \ স্বরূপকাঠিতে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল শনিবার উপজেলা পরিষদ চত্বরে এ মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম। ইউএনও মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল হামিদ, সম্পাদক এ্যাড. এস এম ফুয়াদ ও কৃষক মো. সুমন প্রমুখ। রামুতে গ্রামীণ ব্যাংকে কালোব্যাজ ধারণ রামু (কক্সবাজার) সংবাদদাতা \ নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংককে ১৯ টুকরো করতে সরকারি নীল নকশার বিরুদ্ধে রামুতে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে। ফতেখাঁরকুল শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, কর্মসূচিতে ওই শাখার নারী সদস্যরাও অংশ নেন। রামগড়ে বিজিবি’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা \ রামগড়ের ১৬ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার তৈচালাপাড়ায় ব্যাটালিয়ন সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন ১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো: আবুল কালাম আজাদ পিএসসি। এসময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রবিসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু সেতুপূর্ব বিবিএর পুকুরে অজ্ঞাত মহিলার লাশ ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের ৮নং ব্রিজের নিকটবর্তী বিবিএর পুকুর পাড়ের একটি পরিত্যক্ত ঘর থেকে শুক্রবার বিকালে অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করেছে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশ। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলা সল্লার ৮নং ব্রিজের নিকটবর্তী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের লিজ দেয়া একটি পুকুর পাড়ের পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত মহিলার (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। সখীপুর পৌরসভার বাজেট ঘোষণা সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ কোন রকম করারোপ ছাড়াই সখীপুর পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের ৮ কোটি ৯ লাখ ৫৮ হাজার ২শ’ ৪২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মেয়র আবু হানিফ আজাদ এ বাজেট ঘোষণা করেন। পানছড়িতে কৃষি মেলা উদ্বোধন পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা \ পানছড়ি উপজেলায় শুক্রবার স্থানীয় প্রশাসন ও এনজিও জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে ৪ দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ মাঠে কৃষি কর্মকর্তা খিজির হোসেন পিকে-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলম, ভাইস চেয়ারম্যান অনিল কান্তি দে, ৫নং উল্টাছড়ি চেয়ারম্যান সুব্রত চাকমা প্রমুখ। মুরাদনগরে জাতীয় পার্টির কর্মী সমাবেশ হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ মুরাদনগর উপজেলা জাতীয় পার্টির কর্মী সমাবেশ শুক্রবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক এএইচএম আক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইকবাল হুসাইন, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. মো. ইউসুফ আজগর, আঃ কাদের সরকার জুয়েল, চৌধুরী আবুল হোসেন, সফিকুল ইসলাম, শাহজাহান সরকার, আনোয়ার হোসেন মোল্লা ও ডাঃ আরিফ প্রমুখ। জগন্নাথপুরে হালিমা খাতুন ট্রাস্টের বৃত্তি বিতরণ জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের উদ্যোগে শুক্রবার বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন উর রশীদ, অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, সুপার মাওলানা নাছির উদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা সৈয়দ তহুর আহমদ, মাওলানা সৈয়দ মুনসিফ আলী প্রমুখ। রূপগঞ্জে ফিনল্যান্ড পার্কের উদ্বোধন রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ঐরাবো এলাকায় শুক্রবার বিকেলে ফিনল্যান্ড পার্কের উদ্বোধন করা হয়েছে। পার্ক কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিনল্যান্ড শিশু পার্কের চেয়ারম্যান আব্দুল হামিদ ভুঁইয়া। এ সময় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি হাসিনা গাজী, সাধারণ সম্পাদক শীলা পাল, প্রতিষ্ঠাতা হানিফ ভুঁইয়া, পার্কের তত্ত্বাবধায়ক বাবর আজাদ বাবু প্রমুখ। কুমারখালির শুভকে এক্সিম ব্যাংকের অনুদান কুমারখালি (কুষ্টিয়া) সংবাদদাতা \ এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে ঐতিহ্যবাহী কুষ্টিয়া সরকারি কলেজে চান্স হলেও অর্থনৈতিক দৈন্যতার কারণে চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছিল শুভ। এমনি সময় এক্সিম ব্যাংকের কর্মকর্তারা শুভর হাতে তুলে দেন শিক্ষাবৃত্তি স্বরূপ নগদ ১৫ হাজার টাকা। লেখাপড়া চলাকালীন সময়ে সফলতার ওপর প্রতিবছর আরো আর্থিক সুবিধা দেয়ার ঘোষণা দেন ব্যাংক কর্তৃপক্ষ। শুভর গ্রামবাসী, কলেজ সহপাঠী, শিক্ষক, সুধিমহল এক্সিম ব্যাংক ও দৈনিক ইত্তেফাককে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।