‘এমভি হোপ’-এর ৬ জন নাবিক এখনো নিখোঁজ

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২২:৫৬
আন্দামান সাগরে ডুবে যাওয়া ‘এমভি হোপ’ জাহাজের নিখোঁজ নাবিকদের মধ্যে ৬ জনের সন্ধান এখনও পাওয়া যায়নি। তাদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে থাই নৌবাহিনী। গতকাল শনিবার উদ্ধার অভিযানের তৃতীয় দিন সন্ধ্যা সাতটা পর্যন্ত জীবিত অথবা মৃত অবস্থায় কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবে যাওয়া জাহাজ এবং কার্গো উদ্ধারের জন্য ‘টাইটান স্যালভেজ’ নামে একটি উদ্ধারকারী জাহাজ সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। জাহাজ মালিকদের সংগঠন পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি ক্যাপ্টেন মহিউদ্দিন আব্দুল কাদের গতকাল শনিবার ‘ইত্তেফাক’কে এসব তথ্য জানান। গত শুক্রবার মৃত অবস্থায় উদ্ধার করা ‘এমভি হোপের’ দুই নাবিকের পরিচয় পাওয়া গেছে। এরা হলেনঃ জাহাজের চিফ অফিসার মাহবুব মোরশেদ এবং চিফ ইঞ্জিনিয়ার কাজী সাইফুদ্দীন। এছাড়া জাহাজের ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার, মো. নেজামউদ্দিন, সাদিম আলী, মো. নাসিরউদ্দিন, মো. আলী হোসেন এবং নাসিরউদ্দিন (চিফ কুক) এখনও নিখোঁজ। মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরমুখী ‘এমভি হোপ’ জাহাজটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বৃহস্পতিবার ভোরে আংশিক ডুবে যায়। ক্যাপ্টেন বিপজ্জনক মনে করে জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করলে নাবিকরা সাগরে ঝাঁপ দেন। চট্টগ্রামে জাহাজের নিখোঁজ নাবিকদের পরিবারের সদস্যরা উদ্বেগ-উত্কণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। গতকাল শনিবার সারাদিনই তারা জাহাজ কোম্পানি’র অফিসে ভিড় করে খবর জানতে চান। জাহাজের ইঞ্জিন রক্ষণাবেক্ষণকারী মো. আলী হোসেনের ছেলে ‘ইত্তেফাক’কে বলেন, জাহাজডুবির খবর তারা প্রথম পান সংবাদ মাধ্যমে। পরে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হন। বাবার খোঁজ না পাওয়ায় বার বার মুর্ছা যাচ্ছে আলী হোসেনের মেয়েরা। দুই ছেলের মধ্যে একজন প্রবাসী, অন্যজন স্থানীয় শিপিং অফিসে বাবার খোঁজে অপেক্ষার প্রহর গুনছেন। তারা এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেছেন।